হ্যারি পটার থেকে হ্যারি পটারের বাবা!
‘হ্যারি পটার’ সিরিজের আটটি ছবির নামভূমিকায় অভিনয় করেছেন তরুণ ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। সম্প্রতি আবারও ‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ২৩ বছর বয়সী এ তারকা অভিনেতা। তবে ব্যতিক্রম হলো, এবারে তিনি অভিনয় করতে চান হ্যারি পটারের বাবার চরিত্রে।সম্প্রতি নিজের স্বপ্নের চরিত্রের কথা জানাতে গিয়ে র্যাডক্লিফ বলেন, ‘হ্যারির বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে আমার অনেক ভালো লাগবে। সেটি অতিথি চরিত্র হলেও আমার কোনো আপত্তি থাকবে না। আমার ধারণা, হ্যারির বাবার চরিত্রেই আমাকে সবচেয়ে বেশি মানাবে।’ এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। সিরিজের প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার’স স্টোন’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। ছবিটিতে অভিনয়ের সময় র্যাডক্লিফের বয়স ছিল মাত্র ১১ বছর। পরে দু-এক বছর বিরতি দিয়ে মুক্তি পায় সিরিজের পরবর্তী সাতটি ছবি। সিরিজের সর্বশেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ-২’ মুক্তি পেয়েছে দুই বছর আগে। প্রতিটি ছবিতেই হ্যারি পটার চরিত্রে র্যাডক্লিফের অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।