হ্যারি পটার সিরিজের শেষ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুরে যে মেওয়া ঠিকই ফলে, তার সাক্ষাৎ প্রমাণ সম্প্রতি লন্ডনের ট্র্যাফালগার স্কয়ারে জড়ো হওয়া হ্যারি পটার-এর ভক্তরা। হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ-২-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাঁচ-ছয় দিন আগে থেকেই বিশ্বের নানা প্রান্তের পটারভক্তরা জড়ো হতে শুরু করেছিলেন। আদতে শরণার্থী শিবিরের মতো মনে হলেও এটাই বিলেতের ছবিকেন্দ্রিক ঐতিহাসিক দর্শনার্থী শিবির। যুক্তরাজ্যের আবহাওয়া বড্ড বেরসিক—এই রোদ, এই বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস ছিল ঝোড়োবৃষ্টি। কিন্তু তাতেও একচুল টলেননি কেউ। কর্তৃপক্ষ ভক্তদের কষ্ট বুঝে আট হাজার দর্শনার্থীকে দিয়েছে লালগালিচার কাছ থেকে হ্যারি পটার-এর কুশীলবদের দেখার সুযোগ। খুশিতে আটখানা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আসা অ্যানি জোনস বললেন, ‘বিশ্বাস হচ্ছে না, একটু পরেই আমার সামনে দিয়ে হেঁটে যাবেন জে কে রাওলিং! আমি বড় হচ্ছি ছবিটির সঙ্গে, শেষ মহামিলনে আমিও আছি।’সকাল থেকে বৃষ্টি, কিন্তু বিকেলটা ছিল হ্যারি পটারভক্তদের চকচকে রোদ আর উৎকণ্ঠায়। সবারই চোখ জায়ান্ট স্ক্রিনে—কে পা রাখেন লালগালিচায়? একে একে তারকারা আসতে থাকলেও মূল অপেক্ষা ছিল ড্যানিয়েল র‌্যাডক্লিফ, এমা ওয়াটসন, রুপার্ট গ্রিন্ট আর জে কে রাওলিংয়ের জন্য। হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ-২-এর পরিচালক ডেভিড ইয়েটস তাঁর প্রতিক্রিয়ায় বললেন, ‘আমার জীবনের বিশাল একটি মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। ভক্তদের উপস্থিতি, আগ্রহে আমি অভিভূত। ছবিটি তৈরি করেছে বিশ্বব্যাপী ভালোবাসার বন্ধন।’অনুষ্ঠান সঞ্চালকের কথায় আর চিড়ে ভিজছিল না পটারভক্তদের। দেখানো হলো হ্যারি পটার সিরিজের ছবিগুলোর ক্লিপিংসও প্রিমিয়ারের উল্লেখযোগ্য অংশ। আর তাতেই ‘হ্যারি’ বলে চিৎকারে জ্বলে ওঠেন ভক্তরা।সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বাঁধভাঙা ঢেউ নিয়ে এলেন ‘হারমায়োনি’খ্যাত এমা ওয়াটসন। মিশে গেলেন ভক্তদের মধ্যে। দিয়ে চললেন অটোগ্রাফ। অনুভূতি প্রকাশ করলেন, ‘আমি এ কী দেখছি! আমার ছোট জীবনে এ এক বিশাল পাওয়া।’ কৃতজ্ঞতা জানালেন ভক্তদের। বললেন, ‘আমার শৈশব, সবকিছু একটি ছবিকে ঘিরে। আমি তো তোমাদের মতোই। ডেনি, গ্রিন্ট আমার ভাইয়ের মতো; একসঙ্গে ১০টি বছর। আমার খুব কষ্ট হচ্ছে, আজ হ্যারি পটার-এর শেষ দিন। আমি খুব মিস করব।’এমা ওয়াটসনের আবেগী কথায় ভক্তদের মন খারাপ হওয়ার আগেই উপস্থিত হলেন রুপার্ট গ্রিন্ট। আরে, সে কী চিৎকার!‘রন ওয়েসলি’রূপী রুপার্ট গ্রিন্ট বললেন, ‘আজ যেমন আমার জন্য বিশাল একটি দিন, তেমনি একটা শূন্যতারও দিন। ১০ বছর আমরা সবাই একটা ঘোরের মধ্যে হ্যারি পটারকে ঘিরে ছিলাম। ছবিসংশ্লিষ্ট পটারভক্তদের সবাইকে কৃতজ্ঞতা জানাই সহযোগিতার জন্য। হ্যারি পটার-এর মুহূর্তগুলো সারা জীবন আমার স্মৃতিতে থাকবে।’হ্যারি পটার ছবির নানা চরিত্রের আদলে সেজেছেন ভক্তরা। কেউ খুশি এমা ওয়াটসনের অটোগ্রাফ পেয়ে, কেউ-বা রুপার্ট গ্রিন্টের; কিন্তু এখনো তো হ্যারি আসছে না! এদিকে জাপান থেকে আসা পটারভক্ত ওয়াং লি প্রেন কার্ডে লিখেছেন ‘লং লিভ কুইন জে কে রাওলিং’। তিনি বললেন, ‘চোখ বুজে দেখি, আমিও হ্যারি পটারের সঙ্গে ছুটছি। আর জে কে রাওলিং আমাদের অন্য রকম একটি গল্প দিয়েছেন। আমাদের বেড়ে ওঠার গল্প। তাঁর একটা অটোগ্রাফ আমার চাই-ই চাই।’হ্যারি পটার ছবির তারকারা ভক্তদের একটুও নিরাশ করেননি। অটোগ্রাফ, ছবি সবই দিয়েছেন আপনমনে। ‘হ্যারি পটার’ হিসেবে খ্যাত ড্যানিয়েল র‌্যাডক্লিফের উপস্থিতি ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিল। ‘হ্যারি’ বলেই জ্ঞান হারালেন পটার অন্তঃপ্রাণ রেসি ভারডিক্ট। মেয়ের মা বললেন, ‘আমি জানতাম, এমনটাই হবে। কাছ থেকে দেখে ও নিজেকে সামলাতে পারেনি।’মঞ্চে ড্যানিয়েল র‌্যাডক্লিফ বললেন, ‘যাঁরা অনুষ্ঠানে এসেছেন আর যাঁরা বিশ্বজুড়ে গত ১০ বছর ছবিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, জীবনের বাকি সময়টুকু তাঁদের সঙ্গেই হ্যারি পটার থাকবে। আমি ভাষাহীন। কী বলব, আমি কৃতজ্ঞ বিশাল প্রাপ্তিতে, আপনাদের হ্যারি পটার হতে পেরে। ধন্যবাদ, রাওলিং আমাকে সুযোগ দিয়েছিলেন। আজ ছবির শেষ পর্ব। আমাদের শেষ আয়োজন। ছবিটি ঘিরেই বেড়ে উঠেছি। আর তাই বের হয়ে আসতে সময় লাগবে। হ্যারি পটার থাকবেই।’প্রিমিয়ার অনুষ্ঠানের শেষ প্রান্তে সবাইকে নিয়ে মঞ্চে হাজির হলেন হ্যারি পটার-এর জননী জে কে রাওলিং। কেঁদেই ফেললেন; তারকাদের উল্লেখ করে বললেন, ‘আমার ভালো লাগা চরিত্রগুলো তুলে ধরার মূল কারিগর এরাই। ভক্তদের ভালোবাসার কাছে আমি আজীবন ঋণী হয়ে রইলাম।’ভেজা চোখে মঞ্চ ত্যাগ করলেন হ্যারি পটার ছবির তারকারা। আবেগাপ্লুত হয়ে ওঠে ভক্তকুল। কেউ একজন চিৎকার করে বললেন, ‘হ্যারি পটার ফর এভার মাই হার্ট।’খালি হতে চলল বিশ্বজুড়ে হ্যারি পটারভক্তদের মিলন উৎসবস্থল ট্র্যাফালগার স্কয়ার। মায়ের সঙ্গে আসা ছয় বছরের রুডি বলে যাচ্ছে, ‘ওয়ানা বি হ্যারি পটার! আগামী দিনের হ্যারি পটার। জে কে রাওলিং কি নতুন কিছু ভাবছেন?’এ সপ্তাহে বিশ্বের ৫৬টি দেশে ভক্তদের জন্য উন্মুক্ত হচ্ছে ছবিটির প্রদর্শন। এবারই প্রথম হ্যারি পটার-এর তারকাদের ত্রিমাত্রিক রূপে দেখা যাবে। ছবিবোদ্ধাদের ধারণা, পটার সিরিজের শেষ পর্ব বক্স অফিসে দিচ্ছে অন্য রকম রেকর্ডের হাতছানি। রেকর্ড নিয়ে ভেবে লাভ কী; শেষ পর্বে কী হলো, তা তো দেখতে হবে!