হ্যারির দুঃসময়ে পাশে দাঁড়ালেন কেট মিডলটন
প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশের ঘটনায় সমালোচনার ঝড় উঠলেও সম্প্রতি দেবর হ্যারির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। হ্যারির সঙ্গে খুবই ভালো সম্পর্ক কেটের। এ জন্যই অনাকাঙ্ক্ষিত ঘটনায় হ্যারির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেট। স্বামী প্রিন্স উইলিয়ামকেও তিনি হ্যারির পাশে থাকতে বলেছেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। লাস ভেগাসের একটি হোটেলে একজন মেয়েবন্ধুর সঙ্গে প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর হ্যারিকে ডেকে পাঠান উইলিয়াম এবং তাঁকে বকাঝকা করেন। কিন্তু কেট তাঁকে হ্যারির প্রতি নমনীয় হওয়ার অনুরোধ করেন। তিনি উইলিয়ামকে বোঝানোর চেষ্টা করেন যে, এ ঘটনায় হ্যারির যথেষ্ট শিক্ষা হয়েছে এবং তাঁদের সবার উচিত হ্যারির প্রতি সহানুভূতি প্রকাশ করা।হ্যারিকে যতটা সম্ভব সাহায্য করার পাশাপাশি এ ঘটনায় তাঁর যে সুনাম ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধারে করণীয় বিষয়েও পথনির্দেশের দায়িত্ব নিয়েছেন কেট মিডলটন।