হ্যালি বেরি অন্তঃসত্ত্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। ‘হ্যালি ও তাঁর হবু বর ফরাসি অভিনেতা অলিভার মার্টিনেজ তাঁদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।’ এক বার্তায় এভাবেই হ্যালির অন্তঃসত্ত্বা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।সাবেক প্রেমিক কানাডিয়ান মডেল গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে হ্যালি তাঁর পাঁচ বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১০ সালে। তাঁদের মেয়ে নাহলার বয়স এখন পাঁচ বছর। গ্যাব্রিয়েলের সঙ্গে বিচ্ছেদের পর সে বছরই অলিভারের সঙ্গে প্রণয়ে জড়ান হ্যালি। এর মধ্যেই বয়সে এক বছরের বড় অলিভারের সঙ্গে বাগদানও সেরেছেন ৪৬ বছর বয়সী এ অভিনেত্রী। জানিয়েছে ‘ইউএস ম্যাগাজিন’। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ডার্ক টাইড’ ছবির সহ-অভিনেতা অলিভার মার্টিনেজের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার পর বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বিয়ের দিন-তারিখ ঘোষণা করেননি হ্যালি। সম্প্রতি এক সাক্ষাত্কারে হ্যালি জানিয়েছেন, মেয়ে নাহলার জন্যই দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘অনেকদিন থেকেই আমার কাছে ছোট্ট একটি বোনের আবদার করছে নাহলা। এজন্য প্রতি রাতে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তার সঙ্গে আমিও সেই প্রার্থনায় অংশ নিই। অবুঝ নাহলা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, তার প্রার্থনা শুনতে ঈশ্বর এত বেশি সময় কেন নিচ্ছেন!’