
বয়স ৫০ বছর পেরিয়েছে। তবু হ্যালি বেরি আজও আকর্ষণীয়। অস্কারজয়ী এই অভিনেত্রী বিস্ময়করভাবে বয়সটা ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেরাসোটস শোপ্লেসে গত সপ্তাহে এসেছিলেন নতুন ছবি কিডন্যাপ-এর উদ্বোধনী প্রদর্শনীতে। সাসপেন্স-থ্রিলার ছবিটিতে হ্যালি বেরির চরিত্রের নাম কার্লা। নিজের অপহৃত সন্তানের খোঁজে তাঁর বেপরোয়া অভিযান নিয়েই কাহিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে হ্যালি বললেন, ব্যক্তিগত জীবনের কয়েকটি অভিজ্ঞতা তাঁর এই ছবিতে কাজ করতে সাহায্য করেছে। সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য তিনি পাপারাজ্জি ও সাংবাদিকদের মোকাবিলা করতে গিয়ে জেনেছেন, মায়েদের ‘সিংহী-হৃদয়’ ধারণ করতে হয়। কিডন্যাপ ছবিতে কাজ করতে গিয়ে প্রতিমুহূর্তে নিজেকে তাঁর একজন সর্বজনীন মা মনে হয়েছে।
তিনি জানেন, কর্মজীবী মায়ের জীবন কতটা কঠিন। তাই কীভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রাখেন, সেই পুরোনো প্রশ্নের জবাবে অকপটে বললেন, ‘পুরোপুরি ভারসাম্য তো আপনি কখনোই রাখতে পারবেন না। এখানে আরেকটু সময় দিলে ভালো হতো, ওখানেও আরেকটু সময় দরকার ছিল—এই অনুভূতি বরাবরই রয়ে যায়। আর সেই সঙ্গে একধরনের অপরাধবোধও।’
নয় বছর বয়সী মেয়ে নাহলা অ্যারিয়েলা এবং তিন বছর বয়সী ছেলে ম্যাসিও-রবার্টের মা হ্যালি বেরি বললেন, পেশাগত সন্তুষ্টির অনুভূতি তাঁকে একজন ভালো মা হতে সহায়তা করেছে। এভাবে দুই কূল রক্ষা করেই এগোতে হয়। খানিক অবসর পেলেই তিনি সেটা সন্তানদের সঙ্গে কাটানোর সব রকম চেষ্টা করেন। তাঁর ইচ্ছে হয় আরও বেশি বেশি আনন্দময় সময় ওদের জন্য রাখতে, কিন্তু সেই সুযোগ কদাচিৎ মেলে।
নেইট গোয়াল্টনির চিত্রনাট্যে ও লুইস প্রিয়েটোর পরিচালনায় কিডন্যাপ আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে। ব্যস্ত এই তারকার আরেকটি ছবি কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল আসবে আগামী ২২ সেপ্টেম্বর।
আশিস আচার্য
পিপল ও মেইল অবলম্বনে