হ্যালো...অগ্নিলা?

: হ্যালো...অগ্নিলা, আপনি কোথায়?
: ধানমন্ডিতে, আমাদের বাড়ির ছাদে।
: আপনাদের বাড়ি মানে, আপনার শ্বশুরবাড়ি?
: হ্যাঁ, তবে এটা আমার শ্বশুরবাড়ি হলেও আমি মনে করি, এটা আমাদের বাড়ি।
: ছাদে কী করেন?
: আমার একটা খরগোশ আছে। নাম—চিক্কু। ওকে সঙ্গে নিয়ে ফুলগাছ দেখি। আর আপনার সঙ্গে কথা বলি। তবে আপনারা কিন্তু খুব অন্যায় করলেন। টেলিফোনে সাক্ষাৎকার নিচ্ছেন...।
মঙ্গলবার ধানমন্ডির একটি বাড়ির ছাদ থেকে যে কথা ছুড়ে দিলেন অগ্নিলা ইকবাল, দূরালাপনী পেরিয়ে সেই কথা ছুটে এল কারওয়ান বাজারে। মনে হলো, সত্যিই, টেলিফোনে সাক্ষাৎকার! এ ভারি অন্যায়! কিন্তু এ ছাড়া উপায় কী? আমাদের সময় মেলে তো অগ্নিলার সময় মেলে না। অগত্যা...
কথাবার্তার একপর্যায়ে জানতে চাই, ছাদে যেখানে বসে আছেন, তার চারপাশটা কেমন?
জবাব আসে, ‘চারপাশে এখন লালচে রঙের রোদ।’
কল্পনায় আমরা সেই রোদের রং ও আভা অনুভবের চেষ্টা করি। কথা এগোতে থাকে আমাদের। আমরা বলি, মিথিলাকে মনে পড়ে আপনার?
যেন একটি দুর্দান্ত ক্যাচ ধরেছেন, এমনভাবে বললেন অগ্নিলা, ‘ইউনিলিভার বাংলাদেশের প্রযোজনায় নির্মিত ভালোবাসা দিবসে প্রচারিত নাটক কথাবন্ধু মিথিলার কথা বলছেন?’ এরপর অগ্নিলা আর আমাদের উত্তরের অপেক্ষা করেন না, ‘জানেন, এই নাটকে অভিনয় করা একটি কাকতালীয় ব্যাপার। এমনকি মিথিলা চরিত্রের সঙ্গে আমার নিজেরও অনেক মিল আছে। যেমন—নাটকে মিথিলা ফুল ও প্রকৃতি পছন্দ করে; ব্যক্তিজীবনে আমিও এমন। আমি উজ্জ্বল রঙের জামাকাপড় পরতে খুব পছন্দ করি, মিথিলারও পছন্দ উজ্জ্বল রং। ব্যাপারগুলো কাকতালীয় না? আমার জীবনে হরহামেশা এ রকম কাকতালীয় ব্যাপার-স্যাপার ঘটে।’
এতক্ষণে তো বোঝা গেল অগ্নিলার জীবনের কাকতালীয় ব্যাপারগুলো। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত কথাবন্ধু মিথিলা নাটকে অগ্নিলার সাবলীল অভিনয়ের কারণে আবার নতুন করে আলোচিত তিনি। ফেসবুকে তাঁর ফ্যানপেজে কেবলই অভিনন্দনের জোয়ার। কী বলবেন এখন রাষ্ট্রবিজ্ঞান পড়ুয়া এই অভিনয়শিল্পী?
টেলিফোনের অপর প্রান্ত থেকে আমরা অগ্নিলার হাসির শব্দ শুনি, ‘আমি তো পরিকল্পনা করে কখনো কিছু করতে পারি না। বলতে পারেন, এটাও ওই কাকতালীয়...হা হা হা। মজার ব্যাপার হলো, অভিনয় নিয়ে ক্যারিয়ার গড়ার কোনো পরিকল্পনা নেই আমার। কানাডাতে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি তৃতীয় বিশ্বের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য।’
: আপনার মতে, তৃতীয় বিশ্বের প্রধান সমস্যা কী?
: দুর্নীতি।
এর পরই বললেন, ‘এগুলো তো বিনোদন জগতের কথা নয়।’
বিনোদন জগতের প্রশ্ন-উত্তর তবে কেমন?
অগ্নিলার বয়স যখন মাত্র ছয় মাস, তখন তিনি প্রথম মডেলিং করেন। প্রথম টেলিভিশন নাটকে অভিনয় ১০ বছর বয়সে। তারপর ২০০১ সালে গিয়াসউদ্দিন সেলিমের বিপ্রতীপ নাটকে অভিনয় করে ক্যারিয়ারে নতুন অবয়বে ফেরা। এরও অনেক পরে গ্রামীণ ফোনের বন্ধু প্যাকেজের বিজ্ঞাপনে তাঁর ঝলমলে উপস্থিতির কথা কেউ কি ভুলে গেছে?
অগ্নিলা ইকবাল ভালোবাসা দিবসে লাল খাম বনাম নীল খাম নামে আরেকটি নাটকেও অভিনয় করেছেন। সেখানেও তিনি সেরা। তবে, অভিনয় ছেড়ে আসলেই কি চলে যাবেন?
এ প্রশ্নের উত্তরে চিত্রশিল্পী সৈয়দ ইকবালের কন্যা এবং ইতিহাসবিদ মুনতাসীর মামুনের পুত্রবধূ অগ্নিলা খরচ করলেন কয়েকটি মাত্র বাক্য, ‘জানি না। আমার জীবনে অনেক মিরাকল আছে। আই অ্যাম ওয়েটিং ফর আ মিরাকল।’