
তাঁর সঙ্গে সেই আচমকা দেখার দিন ভোলার নয়। মনে আছে ২০১৪ সালের মে মাসের কথা। এক দুপুরে আচমকা দেখা। নির্জন ফুটপাতে একলা দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রথম দেখাতেই কেমন চেনা ঠেকল। সেই কাঁচা-পাকা চুল। চোখে সেই রোদচশমা। ছবিতে কতবার দেখেছি! ‘আপনি কি আব্বাস কিয়ারোস্তামি?’ বোকার মতো ভয়ে ভয়ে প্রশ্ন করেছিলাম। সব ভয়ডর মিথ্যা করে দিয়ে তিনি হ্যাঁ-সূচক মাথা নাড়লেন। ছবি তোলার অনুরোধে রাজি হলেন একরকম বিনা আপত্তিতে। ছবি তোলার পর্ব শেষে সংক্ষিপ্ত আলাপ।
আমাদের কথোপকথন ছিল এ রকম—
‘তুমি কোন দেশ থেকে এসেছ বললে? মরক্কো?’ জানতে চাইলেন তিনি। (বলতে বলতে হাতের সিগারেট লুকোলেন আলগোছে।)
না না। আমি বাংলাদেশ থেকে। আপনার অনেক ভক্ত বাংলাদেশে। আপনার বহু ছবি দেখেছি।
‘হ্যাঁ। শুনেছি বাংলাদেশের কথা। যাওয়ার কথাও হয়েছে অনেকবার। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।’
বাংলাদেশের সিনেমাপ্রেমীরা খুব খুশি হবেন আপনাকে পেলে। বাংলাদেশে চলচ্চিত্র উৎসবে বাইরের নামী নির্মাতারা আসেন। দারিয়ুশ মেহেরজুই এসেছিলেন ইরানের।
‘দেখি যদি সামনে সুযোগ আসে। হয়তো বাংলাদেশে যাওয়া হবে।’
সে বছর কান উৎসবের সিনেফন্ডেশন বিভাগের বিচারক ছিলেন কিয়ারোস্তামি। তাই প্রসঙ্গ ঘোরালাম সেদিকেই।
এবারে তরুণ নির্মাতাদের ছবি কেমন লেগেছে?
‘কী বলব। অসম্ভব ভালো সব ছবি এসেছে। এসব বিচারকাজ খুব কঠিন। একটা বা দুটো ছবি বিজয়ী হিসেবে বেছে নেওয়া খুব কঠিন। আচ্ছা আমার একটু তাড়া আছে। হোটেল যেতে হবে। বিমানের সময় হয়ে গেল।’

বুঝতে পারছি তাঁর তাড়া আছে। কিন্তু এই সুযোগ বারবার আসে না।
আমি যদি আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে যাই। সমস্যা হবে?
তিনি হয়তো বুঝলেন আমি নাছোড়বান্দা। তাই রাজি হলেন অগত্যা।
তার সঙ্গে প্রায় ছুটতে ছুটতে কী প্রশ্ন করা যায় ভাবছি। আর তাড়াহুড়োতেই ভুল হয় মানুষের।
প্রসঙ্গ গেল নুরি বিলগি জেলানের উইন্টার স্লিপ-এর স্বর্ণপাম বিজয়ের দিকে।
আপনি কি মনে করেন উইন্টার স্লিপকে বেছে নিয়ে ঠিক করেছেন প্রতিযোগিতা বিভাগের বিচারকেরা?
মুহূর্তের জন্য কি থমকে গেলেন তিনি? খুবই অপ্রিয় প্রশ্ন। এসব প্রশ্ন খুব অন্তরঙ্গ আলাপে শেষ মুহূর্তে করতে হয়। কে যেন বলেছিল, কথা হচ্ছে তিরের মতো। একবার হাত থেকে ছুটে গেলে আর ফেরানো যায় না। পুরস্কারও পেলাম হাতেনাতে।
‘আমাকে ক্ষমা করো। ওটা বিচারকদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে মন্তব্য করতে চাই না।’
বলেই তিনি আমার হাত ধরলেন। বললেন, ‘আমার যেতে হবে। ভালো থেকো।’
এরপর আর কথা বাড়ানো চলে না। তিনি হনহন করে চলে গেলেন লো কোয়াজেত মানে সৈকতের পাশের রাস্তা বেয়ে। ওদিকে হোটেল ম্যাজেস্টিক। হয়তো সেখানেই উঠেছেন তিনি। চুপচাপ তাকিয়ে তাঁর চলে যাওয়া দেখলাম।
বিনম্র প্রতিবাদী
আব্বাস কিয়ারোস্তামি এখন কেমন আছেন?
গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের সময়ে প্রশ্ন করেছিলাম ইরানের একজন সাংবাদিককে।
‘ভালোই আছেন শুনেছি।’ জানিয়েছিলেন তিনি। শোনা কথায় আদতেই পুরোপুরি ভরসা করতে নেই। সে কারণেই সিনেমা বিশ্বে ইরানি ছবির অলিখিত ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ক্যানসারকে হার মানিয়ে সুস্থ আছেন ভেবে স্বস্তিতে ছিলাম। কিন্তু কে জানত ৪ জুলাই এমন হুট করেই আসবে দুঃসংবাদ! আব্বাস কিয়ারোস্তামির মৃত্যুর খবর শুনে এক ঝলকে চোখের সামনে ভেসে উঠল কত কিছু!
বছর বারো আগে কোনো একদিন। ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পর্দায় দেখছি, সরু গলি ঘুপচি বেয়ে ছুটছে এক বালক। ভুল করে নিয়ে আসা বন্ধুর স্কুলখাতাটা ফেরত দিতে মরিয়া সে। কিন্তু এত্তটুকুন ছেলে একা একা কীভাবে খুঁজে পাবে বন্ধুর বাড়ি? এই নিয়ে পুরো সিনেমা। কত ক্ষুদ্র ঘটনা অথচ কত আবেগময় আর কত-না অর্থবহ! সেই প্রথম মনে দাগ কেটেছিলেন আব্বাস কিয়ারোস্তামি। তারপর, কাছাকাছি সময়ে আলিয়ঁস ফ্রঁসেজে দেখা টেস্ট অব চেরিও ভোলার নয়। নিজের কবর খোঁড়ার জন্য মানুষ খুঁজছে এক খেপাটে লোক। আর ছবির শেষটা? এখনো চোখে লেগে আছে। টেস্ট অব চেরি সম্পর্কে একটা কথা প্রচলিত, এই ছবি যখন শেষ হয় অর্ধেক দর্শক হাততালি দেয় আর বাকিরা হয় হতভম্ব।
শুধু অসাধারণ নির্মাণশৈলী নয়। আব্বাস কিয়ারোস্তামির ছবি সাহস জুগিয়েছে বাংলাদেশের বহু তরুণ নির্মাতাকে। কিয়ারোস্তামির ছবি যেন হলিউডি স্রোতের বিপরীতে এক বিনম্র প্রতিবাদ। কিয়ারোস্তামির ছবি আমাদের উঠতি নির্মাতাদের বারবার মনে করিয়ে দিয়েছে—ভালো ছবি মানেই বড় বাজেট নয়। শত প্রতিকূলতা আর বাধার মুখেও সত্যিকার শিল্প তার জায়গা খুঁজে নেয়।
আব্বাস কিয়ারোস্তামির যে ছবি দেখতে পারেন
* হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোম? (১৯৮৭)
* ক্লোজআপ (১৯৯০)
* টেস্ট অব চেরি (১৯৯৭)
* দ্য উইন্ড উইল ক্যারি আস (১৯৯৯)
* থ্রু দ্য অলিভ ট্রিজ (১৯৯৪)
* সার্টিফায়েড কপি (২০১০)