হয়ে গেল লারা-ভূপতির বিয়ে
বলিউড অভিনেত্রী লারা দত্ত ও টেনিস তারকা মহেশ ভূপতির বিয়ে হয়ে গেছে। আজ বুধবার মুম্বাইয়ের বান্দ্রায় ভূপতির বাড়িতে প্রচলিত নিয়মানুযায়ী দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও জানা গেছে, ভূপতির বাড়িতে একজন বিয়ে নিবন্ধক ডেকে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।ভূপতি-লারার বিয়ে সংবাদমাধ্যমের জন্য ছিল নিষিদ্ধ। ভূপতির বান্দ্রার বাড়িতে কেবল দুই পক্ষের নিকটাত্মীয়রাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে।বিয়ে নিবন্ধিত হয়ে যাওয়ার পরপরই মহেশ ভূপতি তাঁর নিজের ব্লগে বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি রসিকতা করে নিজেদের ‘মি, ও মিসেস ভূপতি’ বলে সম্বোধন করেন।এদিকে ১৯ ফেব্রুয়ারি গোয়ার একটি অভিজাত ক্লাবে দুজনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের জন্য তাঁরা আজই মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে রওনা দেবেন। উল্লেখ্য, মহেশের এটি দ্বিতীয় বিয়ে। আগের স্ত্রী শ্বেতা জয়শংকরের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরপরই লারা দত্তের সঙ্গে ভূপতির সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে।