হয়ে গেল 'ভুবন মাঝি'র উদ্বোধনী প্রদর্শনী

অনুষ্ঠিত হলো ভুবন মাঝি ছবির উদ্বোধনী প্রদর্শনী। গতকাল বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এ ছবিটির এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আগামীকাল দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ফাখরুল আরেফীন পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে।
বাংলাদেশ সরকারের (তথ্য মন্ত্রণালয়) আর্থিক অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ। উদ্বোধনী প্রদর্শনীতে ছবির শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ ছবির অভিভাবক হিসেবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এরপর নির্মাতা আরেফীন ছবির শিল্পীদের সঙ্গে প্রদর্শনীতে উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন।
এর আগে অনুষ্ঠানস্থলেই ভুবন মাঝি নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। এ ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা ও সুষমা সরকার।