
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ছিল গতকাল। তাঁর ৬৮তম জন্মদিন উপলক্ষে গতকাল শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে হুমায়ূন আহমেদের সপ্তাহব্যাপী একক বইমেলা। এই মেলার আয়োজন করেছেন হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা।
মেলার উদ্বোধন করেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কার্টুনিস্ট আহসান হাবীব এবং গণগ্রন্থাগারের মহাপরিচালক আশীষ কুমার সরকার।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে গতকাল অনাড়ম্বর আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের ৬৮তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। হুমায়ূন আহমেদের পরিবার ও নুহাশপল্লীর স্টাফ ও ভক্তরা কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন।
ময়মনসিংহ অফিস জানায়, লেখকের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনেই হুমায়ূন আহমেদকে স্মরণ করল ভক্ত-পাঠকদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ। স্মরণ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কেক কাটা ও লেখকের প্রিয় বিষয় হিসেবে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্যাপিত হয়েছে। লেখকের প্রতিষ্ঠা করা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক–শিক্ষার্থী, হুমায়ূন ভক্ত পরিষদ ও এলাকাবাসী অংশ নেন।