হুমায়ূনের জন্মদিনে 'অনিল বাগচীর একদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনিল বাগচীর একদিন’ ছবির একটি দৃশ্যে আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি
‘অনিল বাগচীর একদিন’ ছবির একটি দৃশ্যে আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি

কাল ১৩ নভেম্বর সন্ধ্যায় ‘অনিল বাগচীর একদিন’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী জানিয়েছেন, হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
‘অনিল বাগচির একদিন’ ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আজ দুপুরে ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জনপ্রিয় লেখক প্রয়াত হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছবিতে ‘অনিল বাগচী’র চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ। এ ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
এন রাশেদ চৌধুরী আরও জানান, হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর কাহিনি নিয়ে এবারই প্রথম কোনো চলচ্চিত্র তৈরি হলো। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। পরে ছবিটি থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে ‘এশিয়ান কনটেমপোরারি অফিশিয়াল সিলেকশন’ বিভাগে প্রদর্শিত হয়।
উদ্বোধনী প্রদর্শনীতে কাল ছবির পরিচালক মোরশেদুল ইসলাম, প্রযোজক আবুল খায়েরসহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
‘অনিল বাগচীর একদিন’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ১১ ডিসেম্বর।