১ অক্টোবর হুমায়ূন আহমেদের ‘অতিথি’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘অতিথি’ গল্প অবলম্বনে একই শিরোনামে নাটক তৈরির কাজে হাত দিয়েছেন নির্মাতা জুয়েল রানা। চ্যানেল আইয়ের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ১ অক্টোবর রাত সাতটা ৫০ মিনিটে নাটকটি প্রচারিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।গ্রামীণ এক নারীর জীবনের রূঢ় বাস্তবতার গল্প ‘অতিথি’ থেকে এর নাট্যরূপ দিয়েছেন জিনাত হোসেন যূথী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা চম্পা, আহমেদ রুবেল, সারিকা, যূথী, টুটুল চৌধুরী, রেবেকা মনি, শাহীন, ওয়াফা, অয়োমি, রুদ্রসহ আরও অনেকে। এই নাটকের কাহিনিতে দেখা যাবে, সফুরা গ্রাম থেকে শহরে এসে এক বাড়িতে কাজ নেয়। গ্রামে তার দুই সন্তান আর স্বামীকে নিয়ে টানাপোড়েনের সংসার। সব মায়া ফেলে সন্তানদের পড়ালেখা আর ভবিষ্যতের কথা চিন্তা করে চার বছর ধরে সে কাজ করছে শহরের ওই বাড়িতে। প্রথম দিকে বাড়ির মালিক তাকে ভালোভাবে না নিলেও ধীরে ধীরে আপন হয়ে যায় সফুরা। বাড়ির বাচ্চারাও তাকে পছন্দ করতে শুরু করে। মালিক খুশি হয়ে তার বেতন বাড়ায়। আর সফুরা সব টাকা তুলে দেয় তার স্বামীর হাতে। বাড়তি টাকা দিয়ে স্বামী গ্রামে আরেকটা বিয়ে করে। স্ত্রীর টাকায় ভালোই চলতে থাকে তার দিন। দ্বিতীয় বিয়ের কথা জানে না সফুরা। একদিন তার বাড়ি ফেরার সময় হয়। ফেরার পর নিজ বাড়িতে নিজেকে অতিথি ভাবতে থাকে সফুরা।