১ আগস্ট থেকে ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর নিবন্ধন শুরু
কথা ছিল ২০ জুলাই থেকে শুরু হবে ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর নিবন্ধন। কিন্তু তা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১ আগস্টে। চলবে ২০ আগস্ট পর্যন্ত।চ্যানেল নাইনের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস ২০১২’ উপলক্ষে আয়োজিত আজ বুধবারের মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাওয়ার ভয়েস ২০১২-এর ‘মহাগুরু’খ্যাত রুনা লায়লা। এ ছাড়া তিন বিচারকের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর নন্দী ও ইমন সাহা। শুটিং ব্যস্ততার কারণে মৌসুমী মতবিনিময় সভায় উপস্থিত থাকতে পারেননি। ছিলেন ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর উপস্থাপক আঁঁখি আলমগীরও।অনুষ্ঠানে জানানো হয়েছে, ১ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রতিযোগীরা এবং ৪ আগস্ট পর্যন্ত ইউরোপ ও ইউএইর আগ্রহী প্রতিযোগীরা নাম নিবন্ধন করতে পারবেন। এই রিয়েলিটি শো প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এটা সংগীতশিল্পী বাছাইয়ের সম্পূর্ণ একটা প্যাকেজ। অনুষ্ঠানে শুধু গানই প্রাধান্য পাবে না। গানের পাশাপাশি প্রতিযোগীদের পরিবেশনা ও উপস্থাপন ভঙ্গিটাকে গুরুত্ব দিয়ে দেখা হবে।’সুবীর নন্দী বলেন, ‘আমরা ইদানীং যেসব কণ্ঠ শুনছি, তার বেশির ভাগই কিন্তু উঠে এসেছে রিয়েলিটি শোর মাধ্যমে। হতে পারে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে পাওয়ার ভয়েসে আমাদের চেষ্টা থাকবে, মূলধারার পাশাপাশি তৃতীয় মাত্রা যোগ করা যায় কি না, তার প্রতি।’‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রসঙ্গে তিন বিচারকের একজন ইমন সাহা বলেন, ‘আমার বিশ্বাস, অনেক নতুন কিছু প্রতিভা আমরা এ প্রতিযোগিতার মধ্য দিয়ে পাব। এবার আমরা এমন একজনকে খুঁজে বের করব, যিনি পূর্ণাঙ্গ শিল্পী।’পাওয়ার ভয়েস ২০১২-এর উপস্থাপকের ভূমিকায় থাকবেন কণ্ঠশিল্পী আঁঁখি আলমগীর। তিনি জানান, ‘এর আগে শখের বশে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এবার যেহেতু অনেক বড় দায়িত্ব, তাই চেষ্টা থাকবে অনেক বেশি। অনুষ্ঠানটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার, তার জন্য আপ্রাণ চেষ্টা করব। সর্বোপরি সবাইকে একটা ভালোমানের অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করব।’অনুষ্ঠানটির পরিচালক তানভীর খান জানিয়েছেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা খুঁজে বের করব একজন পূর্ণাঙ্গ শিল্পীকে। যিনি ভালো গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্রও বাজাতে পারবেন এবং যিনি হবেন নজরকাড়া ব্যক্তিত্বের অধিকারী।’চ্যানেল নাইন ও পাওয়ার কার্বোনেটেড ড্রিংক যৌথভাবে এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাটি শুরু করতে যাচ্ছে। পাওয়ার ভয়েস ২০১২ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদের বয়সসীমা ১৬ থেকে ২৬ বছর। নিবন্ধনকৃত প্রতিযোগীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল—এই ছয়টি বিভাগীয় শহরে অডিশন রাউন্ডে অংশ নেবেন।বাংলাদেশ থেকে আগ্রহী প্রতিযোগীরা যে কোনো মুঠোফোন থেকে Reg লিখে ৬৯৬৯ নম্বরে খুদে বার্তার মাধ্যমে পাওয়ার ভয়েস ২০১২-তে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে পারবেন।এ ছাড়া ইউরোপ ও ইউএইয়ের আগ্রহী প্রতিযোগীরা www.powervoice.com.bd লগইন করে নাম নিবন্ধন করতে পারবেন।