১ গান ৫ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার অ্যাডমন্টনের লেক লুইসের সামনে মাইলসের সদস্যরা। ছবি: মাইলস
কানাডার অ্যাডমন্টনের লেক লুইসের সামনে মাইলসের সদস্যরা। ছবি: মাইলস

‘২০ দিন পরে ফিরেছি।’ বললেন শাফিন আহমেদ।
মাইলসের সদস্যরা কানাডায় এক সংগীত সফর শেষ করে ফিরেছেন ১৫ আগস্ট সকালে। ১৬ আগস্ট রাত আটটায় নিউ ইস্কাটন রোডে মাইলসের প্র্যাকটিস প্যাডেই কথাটা বললেন শাফিন। মাইলসের অন্য সদস্যরা এখানে এসে পৌঁছুবেন কিছুক্ষণের মধ্যে। অ্যাপার্টমেন্টের নিচে দেখা হয়েছিল হামিন আহমেদ আর শাফিন আহমেদের সঙ্গে। শুভেচ্ছা বিনিময়ের পর লিফটেই কথা শুরু হলো।
১৩ তলায় প্র্যাকটিস প্যাডে ঢুকেই শাফিন আর হামিনের মুখে খুশির ছোঁয়া। হামিন বললেন, ‘সপ্তাহের প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমরা এখানে আসি। নিয়মিত প্র্যাকটিস করি। আর শো থাকলে তো কথাই নেই। প্র্যাকটিস করতেই হবে। ব্যান্ডের সবার জন্য তা বাধ্যতামূলক।’
মাইলস কানাডায় প্রথম কনসার্ট করেছে ১৯ বছর আগে। শাফিন বললেন, ‘সেটা ছিল মন্ট্রিয়েলে।’ আর এবার? হামিন বললেন, ‘এবার তিনটি কনসার্ট করেছি। ১ আগস্ট টরন্টো, ২ আগস্ট উইনিপেগ আর ৮ আগস্ট অ্যাডমন্টনে।’
কেমন হলো এবারের সফর? ‘দারুণ!’ বললেন শাফিন, ‘বাংলা ভাষাভাষী দর্শকই বেশি। মজার ব্যাপার হলো, মাইলসের প্রতিটি কনসার্ট দেখার জন্য কাছাকাছি অন্য শহর থেকে, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও অনেকে এসেছেন। তাঁদের সে কী আগ্রহ!’
ইদানীং দেশের বাইরে মাইলস নিয়মিত সংগীত সফর করছে। এ বছরের মে মাসে ইউরোপ সফর করেছে দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ড। শাফিন বললেন, ‘ইউরোপ সফরে আমরা জার্মানি, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডে তিনটা কনসার্ট করেছি। ওখানে মজার অভিজ্ঞতা হয়েছিল। ইউরোপে তো কথায় কথায় দেশ বদল হয়েছে। খেতে যাই জার্মানিতে, ছিলাম অস্ট্রিয়ায়, রাতে চলে গেলাম চেক রিপাবলিকে। ওসব দেশের প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। কনসার্টের ফাঁকে হাতে যে সময়টুকু থাকে, ওই সময়টাতে আমাদের বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান তাঁরা। বিভিন্ন দেশে আমাদের গানের কত ভালো ভক্ত আছে, তা সেখানে না গেলে অজানাই থেকে যেত।’
সেপ্টেম্বর মাসে আবার সংগীত সফরে যাচ্ছে মাইলস। এবার যুক্তরাষ্ট্রে। হামিন বললেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত ছয়টি কনসার্টের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়বে। এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ১০টা অঙ্গরাজ্যে আমরা কনসার্ট করেছিলাম।’
এবার অ্যালবাম প্রসঙ্গ। প্রতিচ্ছবি। মাইলসের নতুন অ্যালবাম। এসেছে নয় বছর পর। ক্যাসেট কিংবা অডিও সিডি আকারে নয়, মাইলস এবার তাদের অ্যালবাম প্রকাশ করেছে ডিজিটাল প্রযুক্তিতে। ঈদের আগে প্রতিচ্ছবি এসেছে গ্রামীণফোন থেকে। অ্যালবামের গানগুলো শুধু শুনতে পারছেন গ্রামীণফোনের গ্রাহকেরা। প্রতিটি গানের জন্য খরচ হচ্ছে পাঁচ টাকা। আর পুরো অ্যালবাম ৪০ টাকা। হামিন বললেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আর তরুণদের কথা বিবেচনা করে এমনটা করা হয়েছে। আমরা চাই, দেশের সবাই যেন গানগুলো শুনতে পারে। পাইরেসির ব্যাপারেও সবাইকে সচেতন করা এর একটা লক্ষ্য।’
হামিন বললেন, ‘অনেক দিন থেকেই এ দেশের অডিও শিল্পে অস্থিরতা চলছে। মাইলসের নতুন অ্যালবাম কীভাবে দেব, পাইরেসি প্রতিরোধ করা সম্ভব হবে কি না, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তাই শ্রোতাদের হাতে অ্যালবামটি দিতে একটু সময় লেগেছে।’
প্রতিচ্ছবির গানগুলো শোনা যাচ্ছে ইউটিউবেও। হামিন বললেন, ‘ইউটিউব থেকে জানতে পেরেছি, প্রথম ছয় দিনে দুই লাখবার শোনা হয়েছে পুরো অ্যালবামটি।’
প্রতিচ্ছবির গানগুলো নিয়ে শাফিন বললেন, ‘সারা বিশ্বেই সংগীতে এখন অনেক পরিবর্তন এসেছে। আমাদের গানেও এর প্রভাব পড়েছে। সেদিক থেকে শ্রোতারা কিছুটা নতুনত্ব পাবেন। অ্যালবামে গান রয়েছে আটটি। গানগুলোর সুর করেছি আমি, হামিন আহমেদ, মানাম আহমেদ আর জুয়েল।’
প্রতিচ্ছবির কিছু গান শ্রোতারা খুব শুনছেন। সবচেয়ে বেশি শুনছেন দুটি গান, ‘প্রিয়তমা মেঘ’ আর ‘চাই না’। এখনই নতুন অ্যালবামের ব্যাপারে কিছু ভাবছে না মাইলস। কারণ প্রতিচ্ছবির অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। এই যেমন মিউজিক ভিডিও। এবার তিনটা গানের মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা করেছে ব্যান্ডটি। শিগগিরই শুরু হবে এই কাজ। এর পাশাপাশি অডিও সিডি আকারে বের করা হবে অ্যালবামটি। অডিও সিডিতে থাকবে নতুন কিছু গানও।
এরই মধ্যে প্র্যাকটিস প্যাডে চলে এসেছেন মানাম আহমেদ ও জুয়েল। জানা গেল, ব্যান্ডের আরেক সদস্য তুর্য নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত। তাই তিনি আসেননি।
মানাম ফিরে গেলেন কানাডার সংগীত সফরে। বললেন, ‘প্রতিটি কনসার্টের জন্য আমরা ২০টি গান চূড়ান্ত করে নিয়ে যাই। কিন্তু শ্রোতাদের কাছে থাকে এর দ্বিগুণ গান। দেশের বাইরেও সবার সব গান মুখস্থ!’
আলোচনা শেষে হামিন বললেন, ‘২০১৬ সালে সবার জন্য একটা বড় চমক থাকবে। আর ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। তখনো মাইলস নতুন কিছু করবে।’

মাইলসের জনপ্রিয় গান
* চাঁদ তারা (প্রতিশ্রুতি)
* প্রথম প্রেমের মতো (প্রতিশ্রুতি)
* সে কোন দরদিয়া (প্রতিশ্রুতি)
* ফিরিয়ে দাও (প্রত্যাশা)
* ধিকি ধিকি (প্রত্যাশা)
* নীলা (প্রত্যাশা)
* জাদু (প্রত্যাশা)
* হৃদয়হীনা (প্রত্যাশা)
* কতকাল খুঁজব তোমায় (প্রত্যাশা)
* পাহাড়ি মেয়ে (প্রত্যাশা)
* স্বপ্নভঙ্গ (প্রত্যাশা)
* জ্বালা জ্বালা (প্রত্যয়)
* শেষ ঠিকানা (প্রত্যয়)
* ভুলব না তোমায় (প্রত্যয়)
* পিয়াসী মন (প্রবাহ)
* পলাশীর প্রান্তর (প্রবাহ)
* জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন (প্রতিধ্বনি)
* প্রিয়তমা মেঘ (প্রতিচ্ছবি)
* চাই না (প্রতিচ্ছবি)
* এসো না (প্রতিচ্ছবি)