১ নম্বর হতে চাই না: সোনম কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ১ নম্বর অভিনেত্রী হতে চাই না আমি। সবাইকে টপকে যাওয়ার এ ইঁদুর দৌড়ে আমি নেই। কেবল সেসব ছবিতেই কাজ করতে চাই যেগুলোতে অভিনয় করে নিজেকে একজন শিল্পী ভাবতে পারব।’ সম্প্রতি এভাবেই নিজের উপলব্ধির কথা জানিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। সোনম অভিনীত ‘থ্যাংক ইউ’, ‘মৌসম’, এবং ‘প্লেয়ার্স’ ছবিগুলো আশানুরূপ সাফল্যের মুখ দেখেনি বক্স অফিসে। পরপর কয়েকটি ছবি ফ্লপের খাতায় নাম লেখানোয় দুঃখ পেলেও, তা থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছেন বলেই জানিয়েছেন ২৭ বছর বয়সী এ অভিনেত্রী। এখন থেকে ছবি নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন সোনম। বিশাল বাজেট, নামি-দামি তারকা কিংবা নির্মাতা নয়, ছবি নির্বাচনের ক্ষেত্রে ভালো চরিত্রকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি। এ প্রসঙ্গে সোনমের ভাষ্য, ‘শুরুর দিকে সব ঠিকঠাকই ছিল। কিন্তু বছর দুয়েক ধরে ছবি নির্বাচনের ক্ষেত্রে আমি ভুল পথে হেঁটেছি। আমি উপলব্ধি করেছি, আসলে ছবির চরিত্রগুলো আমার জন্য মানানসই ছিল না। চরিত্রগুলো করে মোটেও স্বস্তি পাইনি আমি। তবে এই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি এবং এখন থেকে কেবল নিজেকে খুশি করতেই অভিনয় করব।’ জানিয়েছে পিটিআই। বর্তমানে তিনটি বড় বাজেটের ছবি রয়েছে সোনমের হাতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রাকেশ ওম প্রকাশ মেহরার ‘ভাগ মিকা ভাগ’ ছবিতে ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধেছেন সোনম। ‘রনঝাঁ’ ছবিতে তিনি অভিনয় করছেন ‘কোলাভেরি ডি’খ্যাত তামিল গায়ক ও অভিনেতা ধানুশের সঙ্গে। এ ছাড়া ‘খুবসুরত’ ছবির রিমেকেও দেখা যাবে সোনমকে।