১ সেপ্টেম্বর শুরু বাংলাদেশ বইমেলা কলকাতা

গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বইমেলা কলকাতা’। এবার নিয়ে এটি ষষ্ঠবারের মতো আয়োজন। প্রথম তিন বছর এই মেলা কলকাতার গগনেন্দ্র শিল্প সংগ্রহশালায় হলেও গত দুই বছর ধরে রবীন্দ্র সদনের উন্মুক্ত প্রাঙ্গণে মেলা হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের ব্যবস্থাপনায় বাংলাদেশ বইমেলা কলকাতা–২০১৬ অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই মেলার উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্মানীয় অতিথি থাকবেন কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ।
আজ সোমবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি ও সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম।
আকতারী মমতাজ বলেন, ‘আমাদের প্রকাশনা শিল্পের প্রসার ও উন্নয়নে এই আয়োজন ভূমিকা রাখবে। ভারতের পাঠকদের কাছে আমাদের লেখকদের পরিচিতি বাড়বে। এই আয়োজনের পাশাপাশি আমরা আরও বেশি বেশি করে আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি। অক্টোবরে লন্ডনে আরেকটি বাংলাদেশ বইমেলার আয়োজন করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ‘বাংলাদেশ বইমেলা ২০১৬’–তে দেশের ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বই বিক্রির পাশাপাশি থাকছে পাঁচটি সেমিনার, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন। সেমিনারগুলো হচ্ছে ‘বাঙালি জাতি ও জাতীয় নায়ক’, ‘গ্রন্থ সেতু নির্মাণ : লেখক, পাঠক, প্রকাশক ও নীতিনির্ধারকদের ভূমিকা’, ‘লালনসংগীত’, ‘প্রকাশনায় নারী’ এবং ‘দুই বাংলার শিশুসাহিত্য : রহস্য, রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার’। ‘গ্রন্থ সেতু নির্মাণ : লেখক, পাঠক, প্রকাশক ও নীতিনির্ধারকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশের বিশিষ্ট প্রকাশক ও লেখক মফিদুল হক।
এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন স্বনামধন্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন ও মেহের আফরোজ শাওন। এ ছাড়া পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাদেশের সংগীতশিল্পী ও ওপার বাংলার বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। তা ছাড়া বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট কবিরা কবিতা পাঠ করবেন।
মেলা প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। শনি ও রোববার খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
প্রসঙ্গত, বাংলাদেশের বই ও লেখকদের ভারতে পরিচিত করানোই এই আয়োজনের উদ্দেশ্য। কারণ পশ্চিমবঙ্গের বই ও পত্রিকা বাংলাদেশে সহজে পাওয়া গেলেও এর উল্টো চিত্র দেখা যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গে। সেখানকার পাঠকেরা যাতে সহজেই বাংলাদেশের বই পেতে পারেন এবং এ দেশের নবীন-প্রবীণ লেখকদের লেখার সঙ্গে পরিচিত হতে পারেন, সে উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন।