১০ জন শান্তিনিকেতনে ১০ দিন
দুপুরে একপশলা বৃষ্টি হয়ে গেছে। মেঘাক্রান্ত বিকেল তখন লুটিয়ে পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওপর। ঝিরিঝিরি বৃষ্টি আর বাদল দিনের পাগলা হাওয়ার মাঝে আমরা উড়াল দিলাম আকাশে। উড়োজাহাজের জানালার পাশ থেকে কিছুই দেখা যাচ্ছে না বাইরে। মাঝেমধ্যে দমকা হাওয়ার ঝাঁকুনিতে কেঁপে উঠছে উড়োজাহাজ। এ সময় এ রকম প্রতিকূল আবহাওয়ায়ও আশপাশ থেকে গুনগুনিয়ে যে সুর ভেসে আসছে, তার কথাগুলো একের পর এক জড়ো করলে লাইনগুলো দাঁড়ায় এ রকম—‘মন মোর মেঘের সঙ্গী’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’। অর্থাৎ আশপাশের যাত্রীরা আকাশে মেঘের ঘনঘটা দেখে রবীন্দ্রনাথে মজে গেছেন। এ রকম যাত্রীর সংখ্যা এই প্লেনে অন্তত ১০ জন। রবীন্দ্রনাথের বর্ষার গানে তাঁদের মজে যাওয়ার কারণ হলো তাঁরা ১০ জনই রওনা হয়েছেন কলকাতা হয়ে শান্তিনিকেতনের পথে। উদ্দেশ্য রবীন্দ্র-সাহিত্যের নাট্যায়ন শীর্ষক এক কর্মশালায় অংশগ্রহণ।ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের ১০ জন তরুণ নাট্যকার সম্প্রতি রবীন্দ্র-সাহিত্যের নাট্যায়ন শীর্ষক ১০ দিনের এক কর্মশালায় অংশ নিতে শান্তিনিকেতনে গিয়েছিলেন। সেই ১০ জনের একজন হিসেবে আমারও সৌভাগ্য হয়েছিল শান্তিনিকেতনে একটানা ১০ দিন কাটানোর। বাংলাদেশের ১০ জন নাট্যকার ছাড়াও সেই কর্মশালায় অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের ১১ জন নাট্যকার। এই ২১ জন নাট্যকারের রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নাটক রচনার ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন উভয় বাংলার যশস্বী সাত নাট্যজন। তাঁরা হলেন—মনোজ মিত্র, সৈয়দ শামসুল হক, রামেন্দু মজুমদার, বিভাস চক্রবর্তী, মামুনুর রশীদ, দেবাশীষ মজুমদার ও চন্দন সেন। ১০ দিনের প্রায় প্রতিদিনই উপস্থিত থাকতেন কোনো না কোনো একজন রবীন্দ্র বিশেষজ্ঞ কিংবা বিশিষ্ট নাট্যজন। এ সময়ে যাঁদের আমরা পেয়েছি, যাঁদের কথা আমাদের অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথকে হূদয়ঙ্গম করার কাজটি যাঁরা সহজ করে দিয়েছেন, তাঁরা হলেন—স্বপন মজুমদার, কল্পনা রায়, সৌমেন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা ঘোষ, ব্রাবত্য বসু (নাট্যকার ও পশ্চিমবঙ্গের বর্তমান উচ্চ-শিক্ষামন্ত্রী), শাওলি মিত্র প্রমুখ। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের ঋদ্ধ করেছেন নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার ও লেখক আনোয়ারা সৈয়দ হক।১০ দিনের এ কর্মশালা আমাদের সবার জন্য, বিশেষ করে বাংলাদেশের ১০ জন নাট্যকারের জন্য এক বিশেষ প্রাপ্তি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যজনদের সান্নিধ্য পাওয়া, তাঁদের নাট্যবিষয়ক চিন্তাভাবনার কথা জানতে পারা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ১১ জন অংশগ্রহণকারী নাট্যকারের সঙ্গে নাটকসহ নানা বিষয়ে মতবিনিময়ের সুযোগ পেয়েছিলাম আমরা। তার থেকেও বড় পাওয়া হলো, একটু সুযোগ পেলেই সবাই মিলে হইচই করা। গভীর রাত পর্যন্ত ছাদে আড্ডা, নয়তো গানে মত্ত থাকা। আর এ ক্ষেত্রে আমাদের মধ্যমণি হিসেবে আমরা পেতাম রাহুল আনন্দকে। আমাদের এই ১০ জনের দলে আরও যাঁরা ছিলেন তাঁরা হলেন আক্তারুজ্জামান, মাহমুদুল ইসলাম সেলিম, রাহুল আনন্দ, দীপক সুমন, রুমা মোদক, সাধনা আহমেদ, শামীম সাগর, মাহুফজা হিলালী ও শুভাশীস সিনহা।ভোর সাড়ে ছয়টা থেকে রবীন্দ্রনাথ আমাদের কাঁধে (মাথায় কি না, সন্দেহ আছে!) ভর করতেন, আর নামতে নামতে রাত প্রায় নয়টা বেজে যেত। এরপর আমরা আমাদের মতো। রবীন্দ্রনাথকে চিনি না, জানি না। শান্তিনিকেতনের সঙ্গে তাঁর কী সম্পর্ক, আমাদের সঙ্গে শান্তিনিকেতনের কী সম্পর্ক ভুলে গিয়ে কখনো সজল, কখনো নির্জলা আড্ডায় মেতে উঠতাম। যখনই মনে পড়ত পরদিন সকালের কথা, অর্থাৎ সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সুবোধ ছেলের মতো তৈরি হয়ে গিয়ে রবীন্দ্রচর্চায় মগ্ন হতে হবে, তখন যে যাঁর মতো ঘরে গিয়ে বিছানায় চলে যেতাম। দিনের বেলাটা আমাদের অনেকেরই মনে হতো, বড় কঠোর বন্ধনে বেঁধে রাখা হচ্ছে আমাদের। রবীন্দ্রনাথ যে আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণের কথা বলতেন, তার দেখা পাচ্ছি না। নিয়মনীতির ব্যাপারে বড় নির্দয় মনে হতো মনোজ মিত্রকে। মনে হতো, তিনি যেন কোনো পাঠশালার হেড পণ্ডিত। যে করেই হোক, রবীন্দ্রনাথকে আমাদের গিলিয়েই ছাড়বেন। এখন মনে হয়, গভীর মমত্ব নিয়ে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। শুরুতে আমাদের কারও কারও মন উশখুশ করেছে কিন্তু যতই দিন গেছে, আমরা ততই পরস্পরের আরও ঘনিষ্ঠ হয়েছি। ১০টা দিন কীভাবে যে কেটে গেছে, অমরা টের পাইনি। রবীন্দ্রনাথের পাশাপাশি নতুন নতুন ঘটনা আমাদের উজ্জীবিত করে রেখেছে। প্রতি রাতে ধারাবাহিকভাবে টেলিফোনে নকল সাক্ষাৎকার গ্রহণ, প্রয়োজনে ভারত সরকারকে জরিমানা পরিশোধ করে দ্রুত দেশে ফেরা—কত না কাণ্ড! শান্তিনিকেতনে শান্তির সেই ১০ দিন ভরা থাক স্মৃতি-সুধায়।