১০ জুলাই থেকে ‘কে হতে চায় কোটিপতি’
১০ জুলাই দেশ টিভিতে শুরু হচ্ছে রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠান। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত পৌনে ১০টায়। এখন ৩ জুলাই অনুষ্ঠানটির ধারণকাজ শুরু করার জন্য প্রস্তুত সবাই। এরই মধ্যে এফডিসির ২ নম্বর ফ্লোরে সেট তৈরির কাজ সম্পন্ন হয়েছে।দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত মহড়া করছেন অনুষ্ঠানটির সঞ্চালক আসাদুজ্জামান নূর। ভারত থেকে অনেক আগেই এসেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িত একটি দক্ষ কারিগরি দল। এই সপ্তাহে যুক্তরাজ্য থেকে এসেছেন সনি পিকচার এন্টারটেইনমেন্ট কোম্পানির ইন্টারন্যাশনাল প্রোডাকশন এক্সিকিউটিভ কেট সিয়োফতানো। ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’ অনুষ্ঠানের নির্মাণকাজের সঙ্গেও জড়িত আছেন তিনি। এখন মূল অনুষ্ঠানের ধারণকাজ শুরু হওয়ার আগে গতকাল শুক্রবার এবং আজ শনিবার তাঁর তত্ত্বাবধানে মূল মঞ্চে মহড়া করছেন আসাদুজ্জামান নূর। জানা গেছে, অনুষ্ঠানটির প্রথম পর্বের ধারণকাজ কাছ থেকে দেখবেন কেট সিয়োফতানো।মূল অনুষ্ঠানের ধারণকাজ শুরুর আগে গত বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে আসাদুজ্জামান নূর বললেন, ‘আমার বিশ্বাস, মেধা আর বুদ্ধির এই উত্তেজনাপূর্ণ খেলা সারা দেশে জ্ঞানের চর্চা বাড়াবে। মানুষকে শিক্ষা ও জানার ব্যাপারে আগ্রহী করে তুলবে। “কে হতে চায় কোটিপতি” কোনো ভাগ্য পরীক্ষার খেলা নয়। আপনার মেধা, আপনার জ্ঞান আর আপনার আত্মবিশ্বাসই পারে এই খেলায় আপনাকে বিজয়ী করতে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবির চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসু, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডেলটা বে’র মঈনুল হোসেন, কেট সিয়োফতানো এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকে।