১০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ‘রানওয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকাল প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে সম্প্রতি গঠিত হয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টের প্রথম উদ্যোগ হতে যাচ্ছে ঢাকায় তারেক মাসুদের ছবি রানওয়ে মুক্তি। আগামীকাল (১০ ফেব্রুয়ারি) থেকে ঢাকার শাহবাগের শওকত ওসমান মিলনায়তনে শুরু হচ্ছে এই প্রদর্শনী। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৩টা, ৫টা এবং ৭টায় রানওয়ে দেখতে পারবেন আপনারা। সঙ্গে থাকবে তারেক মাসুদের আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একুশ’ এবং ‘নরসুন্দর’। তবে শুধু প্রদর্শনীর ভেতরই আটকে থাকবে না এই ট্রাস্টের কর্মকাণ্ড। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের সঙ্গে কথা বলে জানা গেল, ট্রাস্টের ব্যাপক পরিকল্পনার কথা। ক্যাথরিন মাসুদ বললেন, ‘তারেকের কাজগুলো এক করে রাখার জন্য একটা প্ল্যাটফর্মের কথা ভাবছিলাম। কারণ, আমার একার পক্ষে সবদিক সামলানো আসলেই কঠিন। সেই ভাবনা থেকেই তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।’ এর চেয়ারপারসন হিসেবে আছেন ক্যাথরিন মাসুদ। সঙ্গে আছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, খুশী কবির, তারেক মাসুদের দুই ভাই নাহিদ মাসুদ ও তৈয়ব মাসুদ। তবে সামনে আরও অনেকে এই তালিকায় যোগ হবেন। সামনে কী কী কাজ করবে ট্রাস্ট? ‘তারেক মাসুদ মারা যাওয়ার আগে ওর অনেক স্বপ্নের কথা বলত। চলচ্চিত্র নিয়ে, দেশ নিয়ে। সেই সব স্বপ্নের বীজগুলো এখনো রয়ে গেছে আমাদের মাঝে। মূলত তারেকের না হওয়া সেই কাজগুলোই প্রথমে শেষ করার চেষ্টা করব। তারেক অন্তত জানবে, আমরা ওর স্বপ্নগুলোকে মনে রেখেছি, বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। এটা তারেক মাসুদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন বলতে পারেন।’ বলছিলেন ক্যাথরিন। রানওয়ের প্রদর্শর্নীর পর ট্রাস্টের পরবর্তী কর্মকাণ্ড কী হবে? ‘তারেকের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় মেমোরিয়াল ট্রাস্টের একটি মেমোরিয়াল সাইট হবে। কবরের ওখানটায় স্মৃতিফলক ধরনের একটা স্থাপত্য থাকতে পারে। একটা সমৃদ্ধ লাইব্রেরি থাকবে। থাকবে দেশি-বিদেশি বইয়ের ভান্ডার। যেখানে তারেকের সব কাজ একত্র থাকবে। এছাড়া তারেকের নামে একটা অ্যাম্পিথিয়েটার করার স্বপ্ন দেখি। সারা বছর সেখানে চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সব মিলিয়ে একটা ইংরেজিতে আমরা যাকে বলি লিভিং মেমোরিয়াল ধরনের একটা কিছু করব। ট্রাস্টের কাজের মাঝে তারেক মাসুদ বেঁচে থাকবেন।’ খুব শিগগিরই ট্রাস্ট থেকে প্রথমবারের মতো মুক্তির কথা চলচ্চিত্রটির ডিভিডি বের হতে যাচ্ছে। প্রথমা প্রকাশনী থেকে তারেক মাসুদের লেখা, সাক্ষাৎকার এবং আরও কিছু বিষয় নিয়ে একাধিক বই বের হবে। ১৯৯১ সালে শর্টফিল্ম উৎসবে প্রিমিয়ারের পর তারেকের প্রথম সিনেমা আদম সুরত-এর কোনো শো ঢাকায় হয়নি। এই প্রজন্মের কেউই তাই এই ছবিটি দেখেননি। আমরা ছবিটির ডিজিটাল রিমাস্টারিং করছিলাম। অবশেষে তা শেষ হয়েছে। আশা করছি ট্রাস্ট ছবিটি প্রদর্শনের ব্যবস্থা জলদি করবে। তারেক মাসুদের অন্য কাজগুলো নিয়েও ট্রাস্টের বিশদ পরিকল্পনা আছে। ’ বলছিলেন ক্যাথরিন মাসুদ।