বিপ্রতীপ, এই একটি মাত্র ধারাবাহিক নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন অগ্নিলা। এরপর তিনি চলে যান কানাডায়। গত বছর দেশে এসেছেন তিনি। ডিসেম্বর মাসে তাঁর বিয়ে হয়েছে। এখন তিনি অভিনয় করছেন। ধারাবাহিক নাটকের নাম রোদ। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। শিগগিরই প্রচারিত হবে চ্যানেল টোয়েন্টিফোরে। কথা হলো অগ্নিলার সঙ্গে। কত দিন পর অভিনয় করছেন?১০ বছর পর অভিনয় করছি। এত দিন পর অভিনয় করতে এসে কেমন লাগছে?যখন বিপ্রতীপ করেছিলাম, তখন অনেক ছোট ছিলাম। অভিনয় কী, তা একটুও বুঝতে পারিনি। তখন হেসেখেলে আর মজা করতে করতে পুরো কাজটা হয়ে গিয়েছিল। এখন অভিনয়ের গুরুত্বটা বুঝতে পারছি। আর কিছু দৃশ্যে অভিনয় করতে এসে নিজের মধ্যে কেমন যেন সংকোচ অনুভব করছি। যেমন?রোমান্টিক দৃশ্য।‘বিপ্রতীপ’ নাটকে যাদের সঙ্গে অভিনয় করেছিলেন, ‘রোদ’ নাটকে তাদের কাউকে পেয়েছেন?না, কিন্তু বিপ্রতীপ নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিটের অনেকেই আছেন। ওই ধারাবাহিকের পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবারও পরিচালনা করছেন। অনেক দিন পর পরিচিতজনদের কাছে পেয়ে মনেই হচ্ছে না অভিনয় করতে এসেছি।ধারাবাহিকটির শুটিং কোথায় হচ্ছে?ফেনীতে। আগে কখনো এখানে আসা হয়নি। জায়গাটা দারুণ। ‘রোদ’ ধারাবাহিকের গল্পটি কী রকম? মফস্বলের একটি পরিবার। এই পরিবারের মানুষগুলোর সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, বন্ধুত্ব, প্রেম, পাশাপাশি এসেছে সামাজিক নানা অস্থিরতার দৃশ্য—এসব নিয়েই নাটকের গল্প।আর কোনো নাটকে অভিনয় করছেন?আগামী মাস তিনেক পর আমার কানাডায় যাওয়ার সম্ভাবনা আছে। তাই নতুন কোনো নাটক হাতে নিতে পারছি না।