১০ বছর পর চলচ্চিত্রের গানে আসিফ-কনা
প্রায় ১০ বছর পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর ও দিলশাদ নাহার কনা। ছবির নাম ‘অনেক সাধনার পরে’। ২০ মে সন্ধ্যায় রাজধানীর মৌচাকের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তাঁরা। দেলোয়ার আরজুদার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এ প্রসঙ্গে কনা বলেন, ‘খুব সম্ভবত ২০০২ অথবা ২০০৩ সালে সর্বশেষ আসিফ ভাইয়ের সঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলাম। এরপর আমরা আর একসঙ্গে কোনো ছবির গানে কণ্ঠ দিইনি।’ কনা বলেন, ‘শুরু থেকেই আসিফ ভাইকে আমি বাংলাদেশের সত্যিকারের রকস্টার মনে করি। কয়েক বছর ধরে গানে অনিয়মিত হলেও আসিফ ভাইয়ের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তাঁর সঙ্গে “প্রথম আলো”র মাদকবিরোধী কনসার্টে সর্বশেষ গান করেছিলাম। এর বাইরেও টুকটাক কয়েকটি মঞ্চে গান করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখাও হতো। কিন্তু ছবির গানে কণ্ঠ দেওয়া হয়নি। আসিফ ভাইয়ের সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লেগেছে।’ কনা আরও বলেন, ‘সংগীতে বিরতি দিলেও আসিফ ভাই এখনো আগের মতোই আছেন। “অনেক সাধনার পরে” ছবির গানটি করতে গিয়ে আবারও বিষয়টি টের পেলাম। মাত্র সাত-আট মিনিটে গানটি গেয়ে ফেললেন তিনি। পুরো বিষয়টি আবারও আমাকে অবাক করেছে।’ এদিকে, দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, আহমেদ আলী মণ্ডলের ‘প্রবাসী প্রেম’ ছবির গান ছাড়াও শওকত আলী ইমন ও ইমন সাহার সুর-সংগীতে আরও বেশ কটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন কনা।