১০ বছর পর ছোটপর্দায় ইলিয়াস কাঞ্চন-ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস কাঞ্চন ও ফারজানা ছবি
ইলিয়াস কাঞ্চন ও ফারজানা ছবি

সুভাষ দত্তের পরিচালনায় ২০০৪ সালে ‘একটি লাল গোলাপ’ টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও ফারজানা ছবি। দীর্ঘ ১০ বছর পর আবারও তাঁরা একটি টেলিফিল্মে অভিনয় করলেন। টেলিফিল্মের নাম ‘জলডাঙা’।
সম্প্রতি সুনামগঞ্জের বড়দই হাওরাঞ্চলে ‘জলডাঙা’র শুটিং শেষ হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ। ফোর ভিশনের ব্যানারে নির্মিত টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন নায়লা, তুষার মাহমুদ, পুলক হায়দার, সিডর সুমন, সূচনা সিকদার প্রমুখ। 
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হাওরের মত্স্যজীবীদের নানা ঘাত-প্রতিঘাতের প্রতিচ্ছবির টেলিফিল্মটিতে আমি হাওর-মালিকের চরিত্রে অভিনয় করেছি। মালিকপক্ষের সঙ্গে জেলে সম্প্রদায়ের যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ঘটে, এ বিষয়টি চমত্কারভাবে উঠে এসেছে টেলিফিল্মটিতে। আশা করছি, এটি দর্শকদের ভালো লাগবে।’
ফারজানা ছবি বলেন, ‘“জলডাঙা” টেলিফিল্মের গল্পটি অসাধারণ। এখানে আমি প্রথমবারের মতো জেলে সম্প্রদায়ের মহাজনের চরিত্রে অভিনয় করেছি। হাওর এলাকায় কাজ করতে গিয়ে জেলে সম্প্রদায়ের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’