১০ বছর পর ঢাকা থিয়েটারের পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগে সর্বশেষ পথনাটক করেছিল ঢাকা থিয়েটার। ওটা ছিল মৃত্যু সংবাদ। ভারতের নির্দেশক প্রবীর গুহর তত্ত্বাবধানে তৈরি হয়েছিল নাটকটি। ঢাকা থিয়েটার আবারও পথনাটক তৈরি করেছে। তবে এবার লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন দলের নতুন প্রজন্মের ছেলেরা। নাটকের নাম জিয়ন্তকাল। এটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, যৌথভাবে নির্দেশনা দিয়েছেন ওয়াসিম আহমেদ ও সামিউন জাহান। সংগীত পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। দ্বিতীয় প্রদর্শনী হবে রোববার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে। ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘মঞ্চ নাটক নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে পথনাটক আর করা হয়নি। আমরা আবার পথনাটকের চর্চা শুরু করেছি। আশা করছি, এখন থেকে নিয়মিতই পথনাটক করব।’তিনি আরও বলেন, ‘১৯৭৭ সালে ঢাকা থিয়েটার থেকে আমরা নিয়মিত পথনাটক চর্চা শুরু করি। সেলিম আল দীনের লেখা ওই নাটকটির নাম ছিল চর কাঁকরার ডকুমেন্টারি। নির্দেশনা আমিই দিয়েছিলাম। ওই নাটকটির জন্য তখন শিমূল ইউসুফ, হাবিবুল হাসান আর আমাকে গ্রেপ্তার করা হয়েছিল।’