১০ মিনিটের 'মোমেন্টস'

জোভান অভিনয় করছেন বেশ কিছুদিন ধরে। নাটক ও টেলিছবিতে দেখা যায় তার সরব উপস্থিতি। গেল ভালবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার গল্প সিরিজের ‘শত ডানার প্রজাপতি’ নাটকে অভিনয় করেছেন। সাবিলা নূরের সঙ্গে তাঁর রসায়ন বেশ উপভোগ করেছেন দর্শক। সেই জোভান এবার অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘মোমেন্টস’। এতে তাঁর সঙ্গে জুটি হয়েছেন নবাগত অভিনেত্রী অনামিকা সরকার। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গতকাল ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জোভান বললেন, ‘নাটকে অভিনয় তো করিই। কিন্তু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এবারই প্রথম। গতকাল থেকে বেশ সাড়া পাচ্ছি। সুযোগ পেলে আমার আরও কাজ করার ইচ্ছে আছে।’
এ চলচ্চিত্রের অভিনেত্রী অনামিকা জানানেল নিজের অভিজ্ঞতা। ‘আগে নাটকে টুকটাক কাজ করা হতো। প্রধান চরিত্রে এটাই আমার প্রথম কাজ। গত মাসে যখন শুটিং হয় তখনই বুঝেছি দারুণ একটা কাজ হচ্ছে। এখন পর্যন্ত যারা দেখেছেন সবাই বেশ প্রশংসা করছেন। আমার জন্য এটা দারুণ পাওয়া।’
‘মোমেন্টস’ এর শুটিং হয়েছে উত্তরা, মিরপুর ও ৩০০ ফিট রাস্তার ধারে। চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১০ মিনিট ১২ সেকেন্ড।