১০ লাখ টাকায় তৌসিফের ‘আমন্ত্রণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ লাখ টাকায় নতুন একক গানের অ্যালবাম প্রকাশের যাবতীয় স্বত্ব দিয়ে দিলেন এ প্রজন্মের সংগীতশিল্পী তৌসিফ। এবারের অ্যালবামের নাম ‘আমন্ত্রণ’। এটি তৌসিফের একক গানের সপ্তম অ্যালবাম। এর আগে তৌসিফের সবকটি অ্যালবাম জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হলেও এবারেরটি আসছে সিডি চয়েসের ব্যানারে। এরই মধ্যে সিডি চয়েস কর্তৃপক্ষের সঙ্গে ‘আমন্ত্রণ’ অ্যালবামের ব্যাপারে যাবতীয় চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান তৌসিফ।তৌসিফ বলেন, ‘আমার আগের অ্যালবাম “অনিদ্রা” কিন্তু সিডি চয়েস থেকে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকা-পয়সার কারণে আর হয়ে ওঠেনি। তখন তাদের বলে রেখেছিলাম, সবকিছু ঠিকঠাক থাকলে পরের অ্যালবামটি তাদের ব্যানার থেকে প্রকাশ করব। জি-সিরিজ “আমন্ত্রণ” অ্যালবামটির জন্য আট লাখ টাকা দিতে চেয়েছিল। কিন্তু সিডি চয়েস ১০ লাখ টাকায় অ্যালবামটি কেনার আগ্রহ প্রকাশ করে। তাদের আগ্রহে শেষ পর্যন্ত অ্যালবামটি সিডি চয়েস থেকে প্রকাশ করার সিদ্ধান্ত নিই।’তৌসিফ আরও বলেন, ‘অনেক কষ্ট করে একটি অ্যালবামের কাজ শেষ করি। কিন্তু এর জন্য যদি যথাযথ সম্মানী না পাই, তাহলে দিন গুজরান কষ্টকর হয়ে পড়ে। আর তাই টাকার বিষয়টি নিশ্চিত করে অ্যালবামটি প্রকাশ করলাম।’ অনেক শিল্পী বলে থাকেন, অডিও বাজারের অজুহাত দেখিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নাকি টাকা দিতে চায় না। এ ব্যাপারে তৌসিফ বলেন, ‘এখন কিন্তু শুধু সিডি বিক্রি করে টাকা তোলা সম্ভব না। গানের নানাবিধ ব্যবহার বেড়েছে এবং সবই লাভজনক। আর তাই শিল্পীকে এটি আদায় করা উচিত। আমি বিশ্বাস করি, ভালো গানের কদর আছে। আর ভালো গানের অ্যালবাম সব দিক মিলিয়ে ভালো ব্যবসাও করে থাকে।’ ‘আমন্ত্রণ’ অ্যালবামে মোট গান থাকছে ১০ টি। সাতটি গানের কথা এবং সব গানের সুর ও সংগীত করেছেন তৌসিফ নিজেই। ‘কিছু না ভেবে’ শিরোনামের একটি দ্বৈত গানে তৌসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ থাকছেন খেয়া। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। রয়েছে ‘ইবাদত’ শিরোনামে একটি উর্দু গান। গানটির কথা লিখেছেন ভারতীয় নাগরিক সাঈদ কোরেশী। অ্যালবামের বাকি গানগুলো হলো ‘জান পাখি’, ‘আমারে ছাড়িয়া’ ‘বসবাস’, ‘দরিয়া’, ‘ভূলে যেতে’, ‘দেহের ভেতর’, ও ‘বোঝনি কোনো দিনও’। ‘আমন্ত্রণ’ অ্যালবামটি আসবে ১৫ অক্টোবরের দিকে। গত বছর রোজার ঈদে প্রকাশিত হয় তৌসিফের ষষ্ঠ একক অ্যালবাম ‘অনিদ্রা’। সেই অ্যালবামের ‘এক পা দু পা’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়। তৌসিফের অন্য অ্যালবামগুলো হচ্ছে ‘অভিপ্রায়’, ‘অপেক্ষা’, ‘অন্বেষণ’, ‘অণুুক্ষণ’ ও ‘অণুকাব্য’।