১০.১১.১২. ও উটপাখির ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহেদ চার বছর পর অ্যালবাম করেছেন। তা নিয়ে বন্ধু, পরিচিতজন আর কিছু শ্রোতার যত আগ্রহ। বিকেল থেকে অনেকেই এসে ভিড় করেছেন বসুন্ধরা সিটির জি-সিরিজের বিক্রয়কেন্দ্রের সামনে। তারিখটিও ছিল মনে রাখার মতো—১০.১১.১২। সাহেদের নতুন অ্যালবাম উটপাখির ডিম। সন্ধ্যার পর ভিড় ক্রমেই কমে আসে। সাহেদের সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলার সুযোগ পাওয়া গেল। অ্যালবাম প্রকাশের অনেক আগে থেকেই সাহেদকে বারবার একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে—অ্যালবামের নাম উটপাখির ডিম কেন? আমাদেরও সেই প্রশ্ন। সাহেদের হাসিমাখা মুখ, যেন প্রশ্নটা ‘কমন’ পড়েছে। বললেন, ‘২০১০ সালের ১ জানুয়ারির কথা। বড় একটি লঞ্চ। সেই লঞ্চে আমরা কয়েকজন বন্ধু মিলে সুন্দরবনের কটকা থেকে ঢাকায় ফিরছি। আমি ছিলাম লঞ্চের সামনে। বঙ্গোপসাগরে হঠাৎ লঞ্চটি পথ হারিয়ে ফেলে। তখন প্রথম সাগরে ডলফিন দেখেছিলাম। সবাই যখন উদ্বিগ্ন, আমার মনে তখন নানা প্রশ্ন। একসময় উটপাখির ডিম দেখার খুব শখ হয়েছিল। সেই ডিমের স্বাদ কেমন? বুঝতে পারি, আর আমার উটপাখির ডিম খাওয়া হবে না। তখন কয়েকটি লাইন আমার মাথায় বারবার ঘুরে ঘুরে আসে। একসময় গানটি লিখে ফেলি।’ কয়েক বছর ধরে সাহেদের মাথায় একটা গামছা বাঁধা থাকে। তাঁর কাছে এবারের প্রশ্ন এই গামছা বাঁধা নিয়ে। সাহেদ বললেন, ‘গামছাটা এবার খোলার সময় এসে গেছে। আর মাত্র কয়েকটা দিন, এরপরই আমার মাথায় আর গামছাটা দেখবেন না।’মাথায় এই গামছাটা বাঁধার প্রয়োজন হলো কেন? সাহেদ বললেন, ‘২০০৯ সালের সূর্যগ্রহণ দেখতে আমরা তেঁতুলিয়া যাচ্ছি। সঙ্গে আর কোনো কাপড় ছিল না। মাঝপথে বাস থেকে নেমে চা খাচ্ছি। এ সময় একজন গামছাবিক্রেতা সামনে এসে দাঁড়ান। তাঁর কাছ থেকে একটা গামছা কিনি। সঙ্গে কোনো ব্যাগ নেই, কোথায় রাখি। পাশ থেকে একটি ছোট ছেলে বলল, “আঙ্কেল, গামছাটা মাথায় বেঁধে ফেলুন।” পরমর্শটা মন্দ নয়। সেই থেকে শুরু।’এই গামছা নিয়ে নাকি তাঁকে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। বললেন, ‘গামছা কিন্তু বাঙালির ঐতিহ্য। কিন্তু শুরুতে এই গামছা নিয়ে অনেকের কাছ থেকেই আমাকে নানা নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। কয়েকবার তো এই গামছার জন্য কিছু অনুষ্ঠানে ঢোকার অনুমতি পাইনি।’‘রোকজানা’ গানটি সাহেদকে অন্য রকম এক পরিচিতি এনে দিয়েছে। কে এই রোকজানা? এই নামে কোনো ব্যক্তি আছেন, নাকি তা নিছকই সাহেদের কল্পনা? সাহেদ বললেন, ‘রোকজানা নিয়ে কিছু বলতে পারব না। রোকজানা সম্পর্কে যদি কখনো কিছু বলি, তখন সবাই যেন আমাকে কোনো মানসিক হাসপাতালে রেখে আসে। এটা একটা রহস্য। থাক না, আমিও সেই রহস্য উন্মোচন করতে চাই না।’ সাহেদের একটি ব্যান্ড আছে। নাম ‘গাছ’। নিজের একক অ্যালবাম তো বের হলো। এবার ‘গাছ’-এর অ্যালবাম করার পালা। সাহেদ বললেন, “ব্যান্ডটি গঠন করেছিলাম সিডরের পর। তখন মনে হলো, সুন্দরবনের গাছগুলো কত বড় বড় দুর্যোগের হাত থেকেই না বাংলাদেশকে রক্ষা করেছে! আমার কাছে গাছ হলো পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল। আমাদের ব্যান্ডটিও তেমনি। এই ভাবনা থেকেই তৈরি হলো ‘গাছ’। এবার ব্যান্ডের অ্যালবাম করব। কাজ শুরু হয়ে গেছে। শ্রোতাদের কাছে অনুরোধ, আর কিছুদিন অপেক্ষা করুন।”ততক্ষণে বসুন্ধরা সিটির আলোগুলো ক্রমেই নিভে আসছে। আড্ডা শেষ হলো। বিদায় বেলা সাহেদ বললেন, ‘শিগগিরই আবার আমাদের দেখা হবে। তখন কথা বলব ‘গাছ’-এর অ্যালবাম নিয়ে।’