১০টি বিভাগে ‘চারুনীড়ম কাহিনীচিত্র পুরস্কার’
‘চারুনীড়ম কাহিনীচিত্র পুরস্কার’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় গত বছর। এবার আবারও এই পুরস্কার দিচ্ছে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ। কালসোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হবে। চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চের পরিচালক গাজী রাকায়েত জানান, নাটকের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে নিয়ে তিনি ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ আন্দোলন শুরু করেছেন। সম্প্রতি এর অংশ হিসেবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে সপ্তাহব্যাপী এক ঘণ্টার নাটকের উৎসব অনুষ্ঠিত হয়। এবার দেওয়া হবে পুরস্কার।গত বছর আজীবন সম্মাননাসহ ১০টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এবার দেওয়া হবে ১২টি বিভাগে। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ কাহিনি, চিত্রনাট্য, চিত্রগ্রাহক, চিত্র সম্পাদক, আবহ সংগীতকার, রূপসজ্জাকারী, প্রযোজক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী। এরই মধ্যে এসব পুরস্কারের জন্য ৫০ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনয়ন দেওয়া হয়েছে।এবার আজীবন সম্মাননা পাচ্ছেন শর্মিলী আহমেদ এবং ১০০টি এক ঘণ্টার নাটক নির্মাণের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে চয়নিকা চৌধুরীকে।রাকায়েত বললেন, ‘এক ঘণ্টার নাটক নির্মাণে উৎসাহ এবং তা প্রচারের ব্যাপারে টিভি চ্যানেল কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করার জন্যই আমরা এ আন্দোলন শুরু করেছি। এক ঘণ্টার নাটক বা কাহিনিচিত্র আমাদের ঐতিহ্য। তরুণ নির্মাতাদের চলচ্চিত্র তৈরির অনুপ্রেরণা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এখন ঈদ কিংবা কয়েকটি উৎসব ছাড়া এক ঘণ্টার নাটক দেখানো হয় না। ফলে নির্মাতারা এ ধরনের নাটক তৈরির ব্যাপারে নিরুৎসাহিত হচ্ছেন।’রাকায়েত আরও বলেন, ‘এক ঘণ্টার নাটকের মধ্য দিয়েই একজন নির্মাতা নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করে তোলেন। এক ঘণ্টার নাটক তৈরি না হওয়ায় ভবিষ্যতে আমরা ভালো মানের চলচ্চিত্র নির্মাতা পাব না। তাই টিভি চ্যানেলগুলোকে এই নাটক প্রচারের ব্যাপারে আগ্রহী হতে হবে। সপ্তাহে একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে।’