১০০০ রুপির বিয়ে
বিবাহ নিবন্ধন কার্যালয় থেকে জানানো হয়েছিল, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করতে লাগবে এক হাজার রুপি। তার মানে, সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়েতে এক হাজার রুপিই যথেষ্ট?কিছুদিন আগে কারিনা কাপুর বলেছিলেন, মনে মনে তিনি সাইফ আলী খানেরই স্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে হয়ে গেল আনুষ্ঠানিকতাও। খান আর কাপুর খানদানের মেলবন্ধন। তাই এক হাজার রুপির বিষয়ে আলোচনাটা না হয় চোখ ধাঁধানো উৎসবের ঔজ্জ্বল্যে ঢাকা পড়ে থাক। মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের ফরচুন হাইটস অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বিয়ে নিবন্ধন করেন সুরেখা রমেশ। এ সময় উপস্থিত ছিলেন সাইফের মা শর্মিলা ঠাকুর এবং কারিনার বাবা রণধীর কাপুর, মা ববিতা ও বোন কারিশমা কাপুর। নিবন্ধনের পর অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন সাইফ ও কারিনা। এ সময় কারিনার পরনে ছিল সবুজ রঙের সালোয়ার-কামিজ আর লাল ওড়না। সাইফের পরনে ছিল ছাই রঙের কুর্তা ও সাদা পাজামা।সুরেখা রমেশের উদ্ধৃতি দিয়ে জি নিউজ ব্যুরো জানিয়েছে, দুপুরের পর বান্দ্রায় অবস্থিত সাইফের ফরচুন হাইটস অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বিবাহ নিবন্ধন করা হয়েছে। সাইফের বাসায় এসে বিবাহ নিবন্ধনের জন্য গত ১২ সেপ্টেম্বর আবেদন করা হয়। সন্ধ্যায় সাইফ ও কারিনার বিয়ের অনুষ্ঠান হলো তাজ মহল প্যালেস হোটেলে। এবার বর-কনে উড়াল দেবেন। তবে মধুচন্দ্রিমায় নয়, দিল্লির পতৌদি প্রাসাদে। কাল বৃহস্পতিবার সেখানে হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। কাপুরদের চোখ ধাঁধিয়ে দিতে খানরা নাকি চেষ্টার ত্রুটি রাখবেন না। বাইরে থেকে সাদামাটা মনে হলেও এই প্রাসাদের অন্দরসাজ দারুণ আকর্ষণীয়। বহুমূল্য সব বাসনপত্র আর চিত্রকর্ম আছে এখানে।এদিকে গত রোববার বান্দ্রায় বিয়ে উপলক্ষে কাপুরদের বাড়ির ছাদে সংগীত উৎসব হয়ে গেল। বন্ধু মনীষ মালহোত্রার নকশা করা পোশাক এদিন পরেছিলেন কারিনা, গোলাপি-বাসন্তী ঘাগরা চোলি। সাইফ এসেছিলেন সাদায় সেজে।পরদিন হলো মেহেদি। রাতে মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে কাছের বন্ধু আর পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেলেন সাইফ-কারিনা। হীরার দ্যুতিতে উজ্জ্বল কারিনার পাশে সাইফও এদিন ছিলেন সমান ঝলমলে। ভারতীয় পোশাক নয়, টাক্সিডো পরেছিলেন সাইফ। এদিকে বিয়ের পরপরই কারিনাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সাবেক ছেলেবন্ধু শহীদ কাপুর। পিটিআই, মিড-ডে, জি নিউজ ব্যুরো, আইএএনএস।