ম্যারিয়নের এবারের ৯/১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ সেপ্টেম্বর ২০০১। এই তারিখ কেবল যুক্তরাষ্ট্রের কাছেই অপয়া নয়, ম্যারিয়ন কোটিলার্ডের কাছেও তা আতঙ্কমিশ্রিত একটি ক্যালেন্ডারের পাতা! না, বিধ্বস্ত টুইন টাওয়ারের ক্ষতিগ্রস্ত কিংবা স্বজন-হারানোদের দলে নাম ছিল না এই ফরাসি অভিনয়শিল্পীর। তবে? কারণ জানার আগে জেনে নিন সেই সময়, অর্থাৎ ২০০১ সালে ম্যারিয়ন হলিউডের মাটিতে পা রাখেননি। তবে ফরাসি ছবির দুনিয়ায় তত দিনে বেশ ভালো নামডাক ছড়িয়েছে তাঁর। ট্যাক্সি ছবির দ্বিতীয় কিস্তিতেও কাজ করেছেন, জুটেছে সেরা প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী হিসেবে সিজার অ্যাওয়ার্ড মনোনয়ন। জেনে রাখা ভালো, এই অ্যাওয়ার্ডকে ফ্রান্সের অস্কারও বলা হয়ে থাকে।তো, তাঁর ক্যারিয়ারের ওই উঠতি সময়ে ধসে পড়ল যুক্তরাষ্ট্রের যমজ দুটি দালান। আর তা নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন ম্যারিয়ন। মন্তব্য করেই টের পেলেন, সাক্ষাৎ বোলতার চাকে ঢিল ছুড়েছেন তিনি! চটে গেল যুক্তরাষ্ট্রবাসী। বলল, ফ্রান্স একটা আনাড়ি মেয়েকে নিয়ে এসেছে তাদের ছবির দুনিয়ায়। নিপাত যাক ম্যারিয়ন কোটিলার্ড!তবে এবারের ১১ সেপ্টেম্বর হয়তো ম্যারিয়নের কাছে পুরোনো তিক্ত অভিজ্ঞতার ওপরে ভালো প্রলেপ হয়ে এসেছে। কারণ, ওই দিনই মুক্তি পেয়েছে তাঁর সাম্প্রতিক ছবি কনটেইজান এবং পয়লা সপ্তাহেই বাজারমাত করেছে ছবিটি। উঠে গেছে হলিউডের টপচার্টের শীর্ষে। এতে ড. লিওনোরা ওরানটেস নামের এক বিশেষজ্ঞ চিকিৎ সক হিসেবে আবির্ভূত হয়েছেন ম্যারিয়ন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ম্যাট ডেমন, কেট উইন্সলেট ও জুড ল-এর মতো তারকারা। ম্যারিয়নের জন্য এই ৯/১১ একটু অন্য রকম হয়ে আসার পেছনে আরও বড় একটি কারণ আছে। আর তা হলো, এত তারকার ভিড়েও সমালোচকদের তারিফ ম্যারিয়নের পাতেই বেশি পড়ছে।৩০ সেপ্টেম্বর ম্যারিয়নের জন্মদিন। জন্মেছিলেন ১৯৭৫ সালে, আপাদমস্তক এক শিল্পী পরিবারে। বাবার লেখা নাটক দিয়েই মঞ্চে পদচারণ শুরু। এরপর ১৬ বছর বয়সে জন্মস্থান ফ্রান্সের প্যারিসে গিয়ে শুরু নিজেকে তৈরি করার পালা। আর ১৯৯৮ সালে লুক বেসনের অ্যাকশন-কমেডি ট্যাক্সি দিয়ে সবার নজরবন্দী। ২০০১ সালে বেফাঁস মন্তব্য করে যাদের চোখে আনাড়ি হিসেবে চিহ্নিত হয়েছিলেন, সেই যুক্তরাষ্ট্রবাসীর কাছেই ম্যারিয়ন আবির্ভূত হলেন অন্যরূপে, ২০০৩ সালে। টিম বার্টনের বিগ বাজেটের ছবি বিগ ফিশ-এর মধ্য দিয়ে। পরের বছর আ ভেরি লং এনগেজমেন্ট ছবিতে অভিনয় করে দ্রুতই হলিউডে নিজের শিকড় মেলে দিতে শুরু করলেন ম্যারিয়ন। দেশের সর্বোচ্চ সম্মাননা সিজার অ্যাওয়ার্ডটিও বগলদাবা করলেন সঙ্গে সঙ্গে। এর পরের গল্প এগিয়ে চলল বেশ মসৃণভাবেই। ২০০৬ সালে মুক্তি পেল তাঁর আ গুড ইয়ার। তবে পরের বছর, অর্থাৎ ২০০৭ সালটা ছিল আক্ষরিক অর্থে ‘আ গুড ইয়ার’। ওই বছরই লা ভিয়ে এন রোজ ছবিতে দুর্দান্ত অভিনয় করে ম্যারিয়ন জিতে নিলেন একাডেমি অ্যাওয়ার্ড।২০০৯ সালে পাবলিক এনিমিস থেকে শুরু করে নাইন কিংবা ইনসেপশন-এর মতো ছবিতে অভিনয় করেছেন ম্যারিয়ন। এরই ধারাবাহিকতায় কনটেইজান। অ্যাকশন বা অ্যাডভেঞ্চার এবং থ্রিলার-ঘরানার এই ছবির গল্পে দেখা যাবে, বিমানবাহিত প্রাণঘাতী এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার কবলে পড়ে মুহূর্তেই মৃত্যুর মুখোমুখি হচ্ছে অসংখ্য মানুষ। দুনিয়ার সব চিকিৎ সক তাই একসঙ্গে কাজ করছেন, ভাবছেন কী করা যায়। কীই-বা হতে পারে এর প্রতিকার। এর মাঝে সাধারণ মানুষও নেমে পড়ে জীবন রক্ষার লড়াইয়ে। নতুন ছবির ব্যাপারে ম্যারিয়ন বললেন, ‘এত বড় তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, বিশেষ করে স্টিভেন সোডেরবার্গের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার।’ মাহফুজ রহমানসূত্র: ইয়াহু মুভিজ