
পুরো ওয়ার্ডরোব নিয়েই বোধ হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন ক্যারি! খানিক পরপর মঞ্চের পেছনে গেছেন আর পোশাক বদলেছেন। যে পোশাক পরে আসর সঞ্চালন করা যায়, সেটা পরে তো আর গান করা যায় না। আবার যে পোশাকে ট্রফি নেওয়া যায়, সেটা পরে ট্রফি হাতে ছবি তোলা যায়?
চলতি মাসের শুরুতেই বসেছিল এ বছরের কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডের ৫০তম আসর। সেখানে ১১টি ভিন্ন পোশাকে দেখা গেছে ক্যারি আন্ডারউডকে। কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড ২০১৬-এর সব থেকে আলোচিত ও দৃষ্টিনন্দিত নারী তিনি। নবমবারের মতো এ আসর সঞ্চালনা করেছেন। তাঁকে সঙ্গ দিয়েছেন আরেক কণ্ঠশিল্পী, কান্ট্রি সংয়ের আরেক তারকা ব্র্যাড পেসলি। ২০১১ সালে একসঙ্গে ‘রিমাইন্ড মি’ গানটি করেছিলেন তাঁরা।
মজার ঘটনা ঘটতে শুরু করল অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। ক্যারিকে যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করেন, তাঁদের অবাক করে দিয়েছিলেন এই তারকা। ছবি শেয়ারিংয়ের ওয়েবসাইট ইনস্টাগ্রামে টপাটপ আপলোড করতে শুরু করলেন ঝকমকে সব পোশাকের ছবি। তাঁর পাতায় যাঁরা চোখ রাখেন, তারা তো অবাক! বড় দিনের এখনো ঢের দেরি। এত আগেই ক্যারি নতুন নতুন সব জামা কিনে সবাইকে দেখিয়ে দিচ্ছেন! জরি আর চুমকির কাজ করা চকচকে জামাগুলোর রহস্য পরে জানা গেল! অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কান্ট্রি সংয়ের ৩৭ জন শিল্পী গান করেছেন। সঞ্চালক ক্যারি এ বছরের সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কারটি নিয়েছেন এবং গেয়ে শুনিয়েছেন গত মাসে মুক্তি পাওয়া তাঁর চমকপ্রদ ‘ডার্টি লন্ড্রি’ গানটি; প্রেমিকের শার্টের কলারে কার ঠোঁটপলিশের দাগ…।
আমেরিকান কান্ট্রি মিউজিক বা পপ ধারার এ গানের যাত্রা গত শতকের দ্বিতীয় দশক থেকে। তখন থেকেই সংগীতবিশ্ব ও সারা পৃথিবীর শিল্পী ও সংগীতপ্রেমীদের কান ফেরানো ছিল দক্ষিণ আমেরিকার দিকে। কোনো কোনো সংগীতপ্রেমী তো মনেই করেন, এই ধারাটি না থাকলে আমেরিকান ইংরেজি গান সারা পৃথিবীতে এত জনপ্রিয়তা পেতই না। ক্যারি আন্ডারউড বেছে নিয়েছেন সেই ধারাটিকে। সম্প্রচার সাংবাদিকতার এই শিক্ষার্থী কবে যেন হুট করে কণ্ঠশিল্পী হয়ে গেলেন। ‘আমেরিকান আইডল’ প্রতিযোগিতায় জেতার পর সাংবাদিকতার ভূত মাথা থেকে চলে গিয়েছিল। তবে গানের পাশাপাশি তিনি যুক্ত হয়েছিলেন অভিনয়ে। এরই মধ্যে বেশ কয়েকবার জিতে নিয়েছেন গ্র্যামি ও সিএমএ। এ বছরও বাদ গেল না। সিএমএর একটি সেরার পুরস্কার তিনি নিয়েই ছাড়লেন। পুরস্কার জেতা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। এ বছরের ব্যাপার হচ্ছে, এক আসরে ১১টি নতুন জামা!
রাসেল মাহ্মুদ
টেস্ট অব কান্ট্রি, ই-অনলাইন, ইউএস ম্যাগাজিন অবলম্বনে