জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এর জন্য সরকার ১১ সদস্যের জুরি বোর্ড গঠন করেছে। শিগগিরই ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জমা দেওয়ার জন্য প্রযোজকদের প্রতি আহ্বান জানাবে তথ্য মন্ত্রণালয়, এফডিসি ও সেন্সর বোর্ড। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে মোট ২৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে বছরের পুরস্কার বছরেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। এবারের পুরস্কারের আওতায় যৌথ প্রযোজনার ছবি জমা দেওয়া যাবে। এ ছাড়া বিদেশি ছবির গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র (কপি রাইট দেখানো সাপেক্ষে) ও রিমেক ছবিও প্রযোজকেরা জমা দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে কাহিনিকার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে না।শ্রেষ্ঠ ছবির প্রযোজককে গতবারের মতো এবারও ৫০ হাজার টাকা পুরস্কার সম্মানী দেওয়া হবে। অন্যান্য বিভাগের বিজয়ীকে ৩০ হাজার টাকার সম্মানী দেওয়া হবে। পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০০৯ সালের ১১ সদস্যের জুরি বোর্ডে সভাপতি হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক ও সদস্যসচিব হিসেবে থাকবেন সেন্সর বোডের্র ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার। সদস্য হিসেবে থাকছেন অভিনয়শিল্পী আলমগীর, ফারুক ও সুবর্ণা মুস্তাফা। সংগীতশিল্পীদের মধ্যে আছেন সুরকার আলম খান ও সাদি মহম্মদ। চলচ্চিত্রকারদের মধ্যে থাকছেন আজিজুর রহমান ও আবদুল লতিফ বাচ্চু। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভসের মহাপরিচালক কামরুন নাহার।