১১৩৪: সংখ্যা নয় প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ‘১১৩৪: সংখ্যা নয় প্রাণ’ প্রদর্শনী দেখছেন দর্শকেরা, ছবি: প্রথম আলো
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ‘১১৩৪: সংখ্যা নয় প্রাণ’ প্রদর্শনী দেখছেন দর্শকেরা, ছবি: প্রথম আলো

প্রতিটি ছবির সামনে থমকে দাঁড়াতে হয়। দৃষ্টি থেমে যায় সেখানে। মন খারাপ হয়। ছবিগুলো কথা বলে। এসব ছবি তৈরি হয়েছিল এক বছর আগে। সাভারে। গত বছরের ২৪ এপ্রিল যেখানে এক হাজার ১৩৪টি তরতাজা প্রাণ শেষ হয়। সেদিন সকালে বেতন না দেওয়ার হুমকি দিয়ে তাঁদের নিয়ে আসা হয়েছিল রানা প্লাজায়। এরপর ধসে গেল স্থাপনা, ভেঙে গেল হাজারো মানুষের জীবনের সব স্বপ্ন, সাধনা।

সাভারে রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথের পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে শুরু হয়েছে ‘১১৩৪: সংখ্যা নয় প্রাণ’ শীর্ষক আলোকচিত্র ও স্থাপনা প্রদর্শনী।

গতকাল মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউটে পাঁচ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন রানা প্লাজায় নিহত পোশাকশ্রমিক সমাপ্তি রানী দাসের মা রুনা রানী দাস। পারফর্মিং আর্টে অংশ নেন ইয়াসমিন জাহান, ঋতু সাত্তার ও জয়দেব রোয়াজা।

পাঠশালা প্রাঙ্গণে একটি ছোট্ট ঘরে দেখা গেল স্থাপনাশিল্পের মাধ্যমে রানা প্লাজা ট্র্যাজেডিকে সাজিয়েছেন সুলেখা চৌধুরী। ‘হোয়াই গড হোয়াই’ শিরোনামের এ স্থাপনাশিল্পে তিনি চারপাশকে সাজিয়েছেন নিহত প্রায় ৬০০ পোশাকশ্রমিকের আলোকচিত্র দিয়ে। স্থাপনার ভেতরে রয়েছে তাঁদের ব্যবহূত বস্ত্র ও তৈরি করা পোশাক। একটি বড় আয়নার ওপরে লেখা ‘হোয়াই গড হোয়াই’। যেন এক বছর পর আবারও প্রশ্ন, কেন এতগুলো প্রাণ এভাবে ঝরে গেল। ডার্করুমে আয়েশা সুলতানা, আমাদুল হক ও মুনিফ ওয়াফেসের ‘শিরোনামহীন’ স্থাপনাশিল্পটি মনকে আরও বিষণ্ন করে তোলে। আহত শ্রমিকদের এক্স-রে প্রতিবেদনের পাশাপাশি এখানে রয়েছে সেই সময়কার ধারণকৃত কিছু বাক্যালাপ। কেউ বলছে পানি দাও, আবার কাউকে অক্সিজেন দেওয়ার আদেশ। এরই মাঝে বেঁচে ফিরে আসাদের সাক্ষাৎকার। এসবের মধ্যে প্রিয়জনের সান্নিধ্যে এক পা হারানো এক নারী শ্রমিকের প্রাণোচ্ছল হাসি মন ভালো করে দেয়। প্রদর্শনীতে রয়েছে আরও অর্ধশতাধিক আলোকচিত্র। প্রদর্শনীটি ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।