১১৫ বছর পর 'খামখেয়ালী সভা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্যে কেন্দ্রে প্রদীপ জ্বালিয়ে খামখেয়ালী সভার উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো
বিশ্বসাহিত্যে কেন্দ্রে প্রদীপ জ্বালিয়ে খামখেয়ালী সভার উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো

‘আজ তোমার বাড়িতে ডাকাতি করা হবে।’ একেক সময় একেকজনকে রীতিমতো চিঠি দিয়ে জানাত ‘ডাকাতের দল’। এ ডাকাতির মানে হচ্ছে—যাকে চিঠি দেওয়া হলো, তার বাড়িতে বসবে সাহিত্য আড্ডা ও খাওয়াদাওয়া। ডাকাতের দল বিলুপ্তির পর ১৮৯৭ সালে কলকাতায় একই ধরনের আড্ডা চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নাম ‘খামখেয়ালী সভা’। সে আড্ডায় আসতেন প্রমথ চৌধুরী, জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ আর শরৎচন্দ্রের মতো বড় মানুষেরা।
বছর দুয়েক পর অবশ্য ওই আড্ডা আর বসেনি। তারও প্রায় ১১৫ বছর পর ঢাকায় আবারও শুরু হয়েছে সেই আড্ডা। গতকাল ছিল ওই আড্ডার বর্ষপূর্তি। সভার মঞ্চে অসংখ্য শব্দে আঁকা ছবি, সেটার নেপথ্যে রবীন্দ্রনাথ। অসংখ্য রবীন্দ্রভক্ত আর আড্ডাবাজে ভরে উঠেছিল বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন। আড্ডার যুগ্ম আহ্বায়ক আঁখি সিদ্দিকা বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্র একটি রবীন্দ্রপাঠচক্র করেছিল। কিন্তু মাত্র ছয় মাসে রবীন্দ্রপাঠ শেষ হওয়ার নয়। আমরা দুই বছরেও পারিনি। অথচ প্রকল্প শেষ হয়ে গিয়েছিল। আমাদের পাঠের তৃষ্ণা ফুরোয়নি। সে জন্য এ খামখেয়ালি আড্ডার আয়োজন। গত বছর সেটি উদ্বোধন করেছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ।’
শুক্রবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে আড্ডা শুরু করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি বললেন, ‘আমরা যেন নিজেদের মৌলিকত্বকে বদলে না ফেলি। রবীন্দ্রনাথ থেকে আমাদের নেওয়ার আছে অনেক কিছু। সেগুলো নিয়েই যেন আমরা এগিয়ে যাই।’
প্রধান অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাঙালি সংস্কৃতির প্রতীক কিংবা পতাকার নাম রবীন্দ্রনাথ। তবে শুধু রবীন্দ্রনাথ থেকে নয়, সব জায়গা থেকে নিতে জানতে হবে। তাহলেই একটি জাতি ঋদ্ধ হতে পারে। অনুষ্ঠানে আড্ডার এক বছরের আলোচকদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠান শুরুর আগেই রবীন্দ্রনাথের খামখেয়ালি আড্ডা এবং এই আড্ডার ওপর একটি তথ্যচিত্র বড় পর্দায় দেখানো হয়। আড্ডায় সভার সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শোয়াইব জিবরান, আলপনা চাকমা, আবিদ এ আজাদ, মজিদ মাহমুদ, তপন জ্যোতি বড়ুয়া, কামরুল হাসান মঞ্জু, মোহাম্মদ আজম, পিনাকী ভট্টাচার্য প্রমুখ।