১২ বছরে চ্যানেল আই
আজ ১২ বছরে পা দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল আই’। এ উপলক্ষে দিনভর চ্যানেল আই পরিবার নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন চ্যানেল আই পরিচালনা পরিষদের কর্মকর্তারা। এ সময় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।আজ শুক্রবার সকালে শোভাযাত্রার মাধ্যমে দিনের অনুষ্ঠানের সূচনা হয়। এটি রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সকাল ১০টায় চ্যানেল আই কার্যালয়ে এসে শেষ হয়। এর কিছুক্ষণ বিরতি দিয়ে বেলা ১১টা পাঁচ মিনিট থেকে বেলুন উড়িয়ে সারা দিনের অনুষ্ঠানের শুরু হয়।আজ দিনজুড়ে দেখানো হবে চ্যানেল আইয়ের জন্মোত্সব অনুষ্ঠান, ১২ বছরে চ্যানেল আই। তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠানটি প্রযোজনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। তবে জন্মদিনের সন্ধ্যার আয়োজনে থাকছে আতশবাজির মুগ্ধকর পরিবেশনসহ বিশেষ চমক। রাতে বিশেষ আকর্ষণের মধ্যে আছে বিশেষ নাটক। সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের রচনা এবং মাসুদ আখন্দের পরিচালনায় নাটক ‘জলে ভাসা পদ্ম’। এ ছাড়া শাইখ সিরাজের উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশ্বসভ্যতায় ইলেকট্রনিক গণমাধ্যমের অবদান ও বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘আলোছায়ার শ্বেতপত্র’।