২০১৬: বলিউডে ১২ মাসে ১৩ জীবনী
>২০১৬ সাল ছিল সত্য ঘটনা নিয়ে বলিউডের মাতামাতির বছর। এ বছরের শুরুর দিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এয়ারলিফট ছবির সাফল্যের পর থেকেই যেন হিড়িক পড়ে যায় এ ধরনের ছবি মুক্তির। কদর বেড়ে যায় সত্য ঘটনা ও জীবনী অবলম্বনে নির্মিত ছবি মুক্তির। বছর শেষে হিসাব করে দেখা যায়, গত ১২ মাসে ১২টি জীবনীনির্ভর ছবি মুক্তি পেয়েছে। আজ সেসব ছবির কথাই জানব—

জানুয়ারি
বছরের শুরুতেই মুক্তি পায় স্বল্প বাজেটে নির্মিত ছবি রেবেলাস ফ্লাওয়ার। তেমন বেশি রা ছিল না এ ছবি নিয়ে। এটি তৈরি হয় ধর্মগুরু রাজনীশ অশোর জীবনী অবলম্বনে। একই মাসে মুক্তি পায় বছরের সবচেয়ে আলোচিত ছবির একটি, নাম এয়ারলিফট। ছবিটি নির্দিষ্ট কারও জীবনীকে ভিত্তি করে তৈরি না হলেও এতে যে চরিত্রগুলো দেখানো হয়, তা বাস্তব থেকেই নেওয়া। অক্ষয় কুমার ছবিতে অভিনয় করেছেন কুয়েতনিবাসী ভারতীয় ধনকুবের হরভজন সিং বেদী ও ম্যাথুনি ম্যাথিউসের জীবন অবলম্বনে।
ফেব্রুয়ারি
বছরের দ্বিতীয় মাসে মুক্তি পায় আরেক আলোচিত জীবনীনির্ভর ছবি নিরজা। এ ছবিতে ভারতের সম্মানজনক ‘অশোক চক্র’ পদক পাওয়া প্রয়াত বিমানবালা নিরজা ভানোতের চরিত্রে অভিনয় করেন সোনম কাপুর। তিনি এতে অভিনয় করে বছরজুড়েই হন আলোচিত। একই মাসে মুক্তি পায় আরও একটি ছবি আলীগড়। এতে অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনয় করেন ভারতীয় লেখক ও ভাষাবিদ রামচন্দ্র সিরাসের চরিত্রে। এটি বিকল্পধারার ছবি হওয়ায় এয়ারলিফট কিংবা নিরজার মতো সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। তবে সমালোচকেরা ছবিটি মুক্তির পর থেকেই এর প্রশংসা করে আসছেন।

মে
দুই মাস বলিউড কোনো জীবনীনির্ভর ছবি পায়নি। তবে মে মাসে এসে সেই খরা কেটে যায়! একই মাসে মুক্তি পায় আলোচিত তিন ব্যক্তির জীবনীনির্ভর তিনটি ছবি। প্রথমটি ছিল ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনী অবলম্বনে ছবি আজহার। এরপর পাকিস্তানে বন্দী ভারতীয় নাগরিক সরবজিৎ সিংয়ের জীবন নিয়ে তৈরি ছবি সরবজিৎ ও ভারতের কুখ্যাত ডাকাত বীরাপ্পনের জীবনকাহিনি নিয়ে নির্মিত বীরাপন্ন। প্রতিটি ছবিই ওই মাস আলাদাভাবে নিজস্ব কিছু বৈশিষ্ট্যের কারণে ছিল আলোচিত।
জুন
ডাকাত বীরাপ্পনের পর বলিউডে সাড়া ফেলে আরেক কুখ্যাত ব্যক্তির জীবনী। তিনি হলেন ভারতের আলোচিত সিরিয়াল কিলার রমন রাঘব। সেই খুনির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অনুরাগ কাশ্যপ তাঁর রমন রাঘব ২.০ ছবিটি নিয়ে যান কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত।
জুলাই
বছরের সবচেয়ে সফল ছবির তালিকার শীর্ষে আছে সালমান খান অভিনীত ছবি সুলতান। এতে সালমান অভিনয় করেন এক সত্যিকারের কুস্তিগিরের চরিত্রে। এই কুস্তিগির ভারতের হরিয়ানানিবাসী। তাঁর প্রেমকাহিনি অবলম্বনেই তৈরি হয় বলিউডের ২০১৬ সালের সবচেয়ে সফল ছবিটি।

আগস্ট
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কে এম নানাভাতির জীবনের একটি অংশ নিয়ে তৈরি ছবি রুস্তম। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছবি নিয়েও বছরের একটি নির্দিষ্ট সময়ে ছিল দারুণ আলোচনা। শত কোটি রুপির বেশি আয় করে বছরের সবচেয়ে সফল ছবির তালিকায়ও ছিল এর নাম।
সেপ্টেম্বর
ক্রিকেটার এম এস ধোনি এ বছর খেলা-সংক্রান্ত খবরের চেয়ে বেশি সিনেমার কারণে ছিলেন আলোচিত। তাঁর জীবনী অবলম্বনে তৈরি ছবি এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি আয় করেছে বক্স অফিসে। তা ছাড়া জীবনীনির্ভর ছবির কদর বেশি থাকায় ছবিটি আলাদাভাবে নজরও কেড়েছে দর্শকদের।
অক্টোবর
ভারতের রাজনীতির জগতে আলোড়ন তোলা সমাজকর্মী আন্না হাজারেকে নিয়েও সিনেমা তৈরি হয়েছে এ বছর। সেই ছবিটি নিয়ে তেমন বেশি রা না হলেও, জীবনীনির্ভর ছবির বাজার চাঙা হওয়ার কারণে একাবারে ভরাডুবি হয়নি।
ডিসেম্বর
বছরের শেষে বছরের সবচেয়ে আলোচিত জীবনীনির্ভর ছবিটি মুক্তি পায়। আমির খানের সেই ছবি দঙ্গল নিয়ে এখন আলোচনার কমতি নেই। কুস্তিগির গীতা ফোগাত ও তাঁর বাবা মহাবীর সিং ফোগাতের জীবনের একটি অংশ অবলম্বনে নির্মিত এই ছবি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙেই যাচ্ছে।
আদর রহমান
বলিউড হাঙ্গামা ও কইমই ডটকম অবলম্বনে