১২ মিনিটের চলচ্চিত্রে সিয়াম ও টয়া

পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। ‘বখাটে’ নামে ১২ মিনিটের একটি চলচ্চিত্রে দেখা যাবে এই ছোট পর্দার তারকাকে। পরিচালনা করছেন স্বরাজ দেব। ২ অক্টোবর থেকে শুটিং শুরু হবে ছবিটির। ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন মুমতাহিনা টয়া।
পূর্ণদৈর্ঘ্য হোক আর স্বল্পদৈর্ঘ্য হোক, সিয়ামের কাছে চলচ্চিত্রে প্রথম অভিজ্ঞতা হবে এটি। তিনি বলেন, ‘আমি এখনই চলচ্চিত্রে অভিনয় করতে চাই না। কারণ আমি প্রস্তুত নয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলেই কাজটি করব।’
ছবিতে বখাটে একটি ছেলের চরিত্রে দেখা যাবে সিয়ামকে। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিংও। সিয়াম বলেন, ‘দর্শকেরা নতুন সিয়ামকে দেখতে পাবেন। চিত্রনাট্য যতটুকু পড়েছি, তাতে মনে হয়েছে, এটি যে কারও চেনা চরিত্র।’
ছবিটি সম্পর্কে পরিচালক জানান, একজন বখাটে ছেলের জীবনেও যে গল্প আছে, আবেগ আছে, প্রেম আছে—তা এই চলচ্চিত্রে উঠে এসেছে।
দুজনের ‘বখাটে’র রসায়ন দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।