১২টি তথ্যচিত্র নিয়ে আজ থেকে উৎসব
চট্টগ্রামের জাহাজভাঙা শিল্প নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন ইয়াসমীন কবীর। নাম দ্য লাস্ট রাইটস বা শেষকৃত্য। আজ বিকেল চারটায় ‘ট্রাভেলিং ফিল্ম সাউথ এশিয়া’ উৎসবের উদ্বোধনের পর দেখানো হবে ছবিটি। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আজ শুরু হচ্ছে তিন দিনের এ উত্সব। এই আয়োজনে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১২টি তথ্যচিত্র দেখানো হবে। গত বছর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় ‘দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। এই উৎসবের ছবিগুলো ঘুরে ঘুরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রদর্শিত হয়। তারই অংশ হিসেবে ঢাকায় এই আয়োজন করা হয়েছে। দ্য লাস্ট রাইটস ছবিটি সেই উৎসবের সেরা ছবি হিসেবে রাম বাহাদুর ট্রফি অর্জন করে। ছবিটি নির্মাণ করার পটভূমি জানাতে গিয়ে ইয়াসমীন কবীর জানালেন এভাবে, ‘জাহাজভাঙা ঘাটে গিয়ে প্রথম যা দেখেছিলাম, তা কখনো ভুলব না। যেন মৃত জাহাজের এক শহরে কাজ করছে শত শত শ্রমিক। ধোঁয়ার কুণ্ডলী, জাহাজের ভাঙা টুকরা, অ্যাসবেসটস, তেলের ছিটা—পুরো পরিবেশটা যেন নরক। মানুষ আর জাহাজ যেন একই মৃত্যুচক্রে বাঁধা। এই ছবির মধ্য দিয়ে জাহাজভাঙার সঙ্গে সংশ্লিষ্ট হতভাগা শ্রমিকদের অবস্থার কথা বোঝাতে চেয়েছি। আমি মনে করি, ছবিটি জাহাজভাঙা শিল্পের দুঃখভরা কাহিনির ইতিহাস হয়ে থাকবে।’উৎসবে আরও থাকছে তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি। এ ছাড়া প্রদর্শিত হবে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ছবি।