১২৫তম মঞ্চায়ন উৎসব
শিগগিরই এস এম সোলায়মানের জনপ্রিয় সংগীতনির্ভর নাটক খানদানী কিস্সার ১২৫তম প্রদর্শনী হবে। প্রায় এক বছর বন্ধ থাকার পর গত ১৩ জানুয়ারি শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ১২৩তম প্রদর্শনী শেষ করেছে নাটকটি। সুবচন নাট্য সংসদের এই নাটকের রচনা, নির্দেশনা ও সংগীত এস এম সোলায়মানের। নাটকটির ১২৫তম মঞ্চায়নকে ঘিরেই দুই দিনের এক নাট্য-আয়োজন হাতে নিয়েছে দলটি। দুই দিনেই এস এম সোলায়মানের নাটক প্রদর্শিত হবে। খানদানী কিস্সা নাটকটির মঞ্চায়নের পাশাপাশি থিয়েটার আর্ট ইউনিটের এস এম সোলায়মানের আরেকটি নাটক আমিনা সুন্দরী মঞ্চস্থ হবে। দলের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘ঢাকার মঞ্চে খুবই জনপ্রিয় নাটকটি। এ জন্য দীর্ঘদিন ধরে আমরা নাটকটি মঞ্চে রেখেছি। আশা করছি, আগামী মাসের শেষ নাগাদ নাটকটির ১২৫তম মঞ্চায়ন শেষ করতে পারব।’ তিনি বলেন, ‘এ উপলক্ষে আমরা শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে দুই দিনের আয়োজনও হাতে নিয়েছি। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি এস এম সোলায়মানের দুটি নাটকও মঞ্চস্থ হবে।’১৯৯১ সালে খানদানী কিস্সা নাটকটি প্রথম মঞ্চে আসে। একটানা প্রায় ১১৮টি প্রদর্শনী চলার পর বন্ধ হয়ে যায়। আবার ২০০৯ সালের জানুয়ারি মাসে নাটকটি নতুন করে মঞ্চে আসে। মাত্র চারটি প্রদর্শনী চলার পর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে আবারও নাটকটি মঞ্চ থেকে বিদায় নেয়। প্রায় এক বছর পর এ মাসে নাটকটি আবার মঞ্চে এল। নাটকটির প্রদর্শনী নিয়মিত না হওয়া প্রসঙ্গে আহাম্মদ গিয়াস বলেন, ‘খানদানী কিস্সা নাটকটি সংগীতনির্ভর। আমরা দর্শক থেকে নাটকটি করার জন্য প্রচুর সাড়া পাই। এই নাটকের বেশির ভাগ প্রদর্শনী দর্শকের অনুরোধেই করেছি। তাই টানা না করে বিশেষ বিশেষ প্রদর্শনী করা হয়েছে নাটকটির। অন্যদিকে দলের রূপবতী নাটকটিও জনপ্রিয়। এই নাটকের ৫০টি প্রদর্শনী পূর্ণ করার জন্য রূপবতী নাটকটি বেশি বেশি করেছি। ইতিমধ্যে নাটকটির প্রায় ৪৫টি প্রদর্শনী শেষ হয়েছে। মাঝখানের এই সময়ে আমরা খানদানী কিস্সা করতে পারিনি। আশা করছি, এখন থেকে দুটি নাটকই নিয়মিত প্রদর্শন করা হবে।’খানদানী কিস্সা নাটকটিতে অভিনয় করেছেন আহাম্মদ গিয়াস, বাবুল, রূপা নাসরিন, লেমন, সোহাগ, তানভির, ইমরান, হিমু, সোহেল, লিনা প্রমুখ।