১৩ বছরে 'হৃদয়ে মাটি ও মানুষ'
১৩ বছরে পা দিল চ্যানেল আইয়ের কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচার শুরু হয় অনুষ্ঠানটির। এ পর্যন্ত এই অনুষ্ঠানের ৫৮৪টি পর্ব প্রচারিত হয়েছে।
গত ১২ বছরে অনুষ্ঠানটি নিয়ে প্রাপ্তি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘প্রাপ্তির কোনো শেষ নেই। অনেক প্রাপ্তি আছে। এটি এখন আর শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে একটি কৃষি আন্দোলনে রূপ নিয়েছে। আমরা শুধু কৃষি নিয়ে কাজ করছি না। কৃষকের স্বাস্থ্য, বিনোদন, তরুণদের কৃষিমুখী করা, কৃষির আধুনিক প্রযুক্তি তুলে ধরা, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি।’
শাইখ সিরাজ বলেন, ‘হৃদয়ে মাটি ও মানুষ’ পৃথিবীর বিভিন্ন দেশের কৃষিক্ষেত্রে ব্যবহৃত সেরা অনুশীলনগুলো তুলে ধরে কৃষি সম্প্রসারণের এক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে গণমাধ্যমকে।
অনুষ্ঠানটির যুগপূর্তি ও ১৩ বছরে পা রাখা উপলক্ষে ‘হৃদয়ে মাটি ও মানুষ—বেঁচে থাকার অব্যাহত অভিযান’ নামে একটি অনুষ্ঠান প্রচারিত হবে চ্যানেল আইতে আজ শনিবার রাত ৯টা ৫০ মিনিটে।