১৩ হাজার লোকগানের অ্যালবাম প্রকাশ করল শিল্পকলা

১৩ হাজার লোকগান নিয়ে অ্যালবাম প্রকাশ করল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির উদ্যোগে লোক-সংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের আওতায় গান সংগ্রহ করা হয় এ অ্যালবামের জন্য।
এ উপলক্ষে শনিবার সকালে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘লোকসংস্কৃতি সংগ্রহ, সংরক্ষণ, প্রসার এবং করণীয়’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতা পশ্চিমবঙ্গের লেখক ও গবেষক শক্তি নাথ ঝাঁ। উপস্থিত ছিলেন লোক শিল্পী কিরণ চন্দ্র রায়, গবেষক সাইমন জাকারিয়া, তপন বাগচী প্রমুখ। প্রথম পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাজ উদ্দিন ও জেসমিন বুলি।
অনুষ্ঠানের ২য় পর্বে শনিবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংস্কৃতি সচিব মো: ইব্রাহীম হোসেন খানের থাকার প্রধান অতিথি থাকার কথা। এর আগে একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে ডিভিডি ও বই প্রদর্শনী শুরু হবে।
সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে রাধারমণ দত্ত, উকিল মুন্সির গান শোনাবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পী ও নেত্রকোনার খিজিরি হোসেন ও আবির। থাকছে কিরণ চন্দ্র রায়,সমির বাউল, গৌরাঙ্গ চন্দ্র আদিত্য, সুরবালা, নির্মল চন্দ্র সরকার,ভাওয়াইয়া শিল্পী সুখ বিলাস বর্মা, গৌর পাল, সমুন্ত দে, তারক চন্দ্র কর, বাউল শিল্পী বারিদ রায়, সুকুমার মালিক ও সুমন্ত রুহিদাস ও সেকেন্দার সেখের পরিবেশনা।