১৪ আগস্টের ঘটনা নিয়ে আরণ্যকের পথনাটক
১৯৭১ সালের ১৪ আগস্ট ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ২৪ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে সেদিন পাকিস্তান প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি উদ্যাপন করেছিল তারা। এবার সেই ঘটনা নিয়ে আরণ্যক তৈরি করেছে পথনাটক আগুনের ডালপালা। এটি লিখেছেন মামুনুর রশীদ এবং নির্দেশনা দিয়েছেন শাহ আলম। মহান মে দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে এই পথনাটকটি মঞ্চস্থ হবে।—জানালেন আরণ্যকের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমেনা চৌধুরী।মোমেনা চৌধুরী বলেন, ‘১৪ আগস্টের ঘটনা তুলে ধরার পাশাপাশি নাটকে যুদ্ধাপরাধীদের কাল্পনিক বিচার দেখানো হয়েছে। আশা করছি, নাটকটি থেকে দর্শক নতুন করে অনেক কিছু জানতে পারবে।’ এবারের মে দিবসের আয়োজন প্রসঙ্গে মোমেনা বললেন, ‘১৯৮২ সাল থেকে আরণ্যক মহান মে দিবস উদ্যাপন করছে। এবারও মে দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। এখানে থাকবে গণসংগীত, কবিকণ্ঠে কবিতা পাঠ ও নাটক। বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে আছে গান, কবিতা আর নাটক এবং শত্রুগণ ও চে’র সাইকেল-এর প্রদর্শনী।’