১৪ জানুয়ারি আসছে ফাহমিদা নবীর আকাশ ও সমুদ্র অপার
নাট্যাচার্য সেলিম আলদীনের মৃত্যুবার্ষিকী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী সেলিম আলদীন উৎসব। মেলার প্রথম দিনেই প্রকাশিত হতে যাচ্ছে সেলিম আলদীনের লেখা ও সুরে ফাহমিদা নবীর দীর্ঘদিনের প্রতীক্ষিত অ্যালবাম আকাশ ও সমুদ্র অপার। মোট ১০টি গানের অ্যালবামটিতে সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানের শিরোনামগুলো হচ্ছে—‘আকাশ ও সমুদ্র অপার, ‘হায়রে আমার বালুঘড়ির দিন’, ‘ফেলে এলাম’, ‘উড়াল পাখি’, ‘রাতে চাঁদের আলো, ‘মেঘেদের ছুঁতে চাই’, ‘রুদ্ধশ্বাসের ভালোবাসা’, ‘কিছু চিত্র’, ‘মন ভালো নেই’ প্রভৃতি। ‘আকাশ ও সমুদ্র অপার’ সম্পর্কে ফাহমিদা নবী বললেন, ‘সেলিম আলদীন এমনিতেই আমাকে খুব পছন্দ করতেন। গানগুলো করার প্রথম দিকে উনি আমাকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তা ছাড়া আধুনিক গানে বৈচিত্র্য আনার একটা চিন্তাও তাঁর ছিল। এ নিয়ে তিনি প্রায়ই কথা বলতেন। পুরো অ্যালবামে আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।’ফাহমিদা নবী আরও বলেন, ‘অ্যালবামটির গানগুলোতে জীবনবোধের একটা ব্যাপার আছে। আমার বিশ্বাস, গানগুলোর মাধ্যমে একেকজনের একেক রকম চিন্তা-ভাবনার উদয় হবে। প্রায় দুই বছর ধরে তাঁর গানগুলো নিয়ে যথেষ্ট চিন্তা-ভাবনাও করতে হয়েছে।’প্রয়াত সেলিম আলদীনের লেখা ও সুর করা ফাহমিদা নবীর আকাশ ও সমুদ্র অপার গানের অ্যালবামটি প্রকাশিত হবে অগ্নিবীণা ব্যানার থেকে। ১৪ জানুয়ারি ঢাকায় এর মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আফজাল হোসেন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, প্রয়াত সেলিম আলদীনের স্ত্রী এবং আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।