১৪ শিল্পী নিয়ে মাহফুজ যাবেন লালমনিরহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজ আহমেদের শ্বশুর বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। লালমনিরহাট সদর আসনের নির্বাচিত সাংসদও তিনি। শ্বশুরের নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়ে মাহফুজ লালমনিরহাটবাসীকে কথা দিয়েছিলেন, ‘আমি বারবার ফিরে আসব আপনাদের মাঝে।’ এবার মাহফুজ তাঁর কথা রাখছেন। একা নয়, ১৪ তারকাশিল্পীকে নিয়ে ২৬ ফেব্রুয়ারি যাচ্ছেন লালমনিরহাটে। শুধু বেড়ানোই উদ্দেশ্য নয়, সেখানে তিনি এক মাস থাকবেন এবং তাঁর নতুন ধারাবাহিক নাটক চৈতা পাগল-এর শুটিং করবেন। মাহফুজ বলেন, ‘একসঙ্গে আমি দুটি কাজ করব। প্রথমত, সেখানকার মানুষের সঙ্গে দেখা করব, দ্বিতীয়ত, আমি নাটকের শুটিং করব। এরই মধ্যে সেখানকার লোকেশন দেখেছি। আমাদের নাটকের শুটিং মানেই তো হয়ে গেছে ঢাকা, গাজীপুর আর কক্সবাজারকেন্দ্রিক। আমি তা বদলে দিতে চাই। আমাদের দেশে যে অনেক সুন্দর লোকেশন আছে এবং সেই লোকেশনে আমি কাজ করছি।’ চৈতা পাগল নাটকের বিষয়বস্তু জানতে চাইলে মাহফুজ বলেন, ‘লালমনিরহাটের এক ছেলে বছরের ১১ মাস ভালো থাকে। চৈত্র মাস এলেই ছেলেটি পাগল হয়ে যায়। কিন্তু কেন পাগল হয়—এ বিষয়টি আমি নাটকে তুলে ধরব।’ এ টি এম শামসুজ্জামানের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাশ। মাহফুজ জানিয়েছেন, নাটকের বিভিন্ন শুটিংয়ে অংশ নেবেন এ টি এম শামসুজ্জামান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, রিচি, তিন্নি, নওশীন, বাঁধন, মীর সাব্বির, সোহেল খান, সালাহউদ্দিন লাভলু, হাসান মাসুদ ও কাবিলা।