১৪টি নাট্যদলকে সরকারি অনুদান
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে মঞ্চে নতুন নাটক আনতে অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সারা দেশ থেকে বাছাই করা ১৪টি নাট্যদলকে এই অনুদান দেওয়া হয়েছে। অনুদান হিসেবে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচিত দলগুলো হলো: ঢাকা থিয়েটার, পালাকার, নাট্যধারা, দ্যাশবাংলা থিয়েটার, মহাকাল নাট্যসম্প্রদায়, স্বপ্নদল, ঢাকা পদাতিক, পদাতিক নাট্য সংসদ টিএসসি, লোক নাট্যদল (বনানী), নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, গণায়ন নাট্যগোষ্ঠী, চট্টগ্রাম; মণিপুর থিয়েটার, সিলেট ও তীর্যক নাট্যদল, চট্টগ্রাম।সংস্কৃতি মন্ত্রণালয়ের এ কর্মসূচিতে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন পরিষদের নাটকসংক্রান্ত কমিটির আহ্বায়ক রামেন্দু মজুমদার বলেন, ‘এর আগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধ্যমে মাত্র ২৫ হাজার টাকা সরকারি অনুদান পাওয়া যেত। এবার এই অনুদানের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় খুব প্রয়োজনীয় একটি কাজ হয়েছে। নতুন প্রযোজনা মঞ্চে আনার ক্ষেত্রে এ অনুদান নাট্যদলগুলোর আর্থিক দৈন্য অনেকটা লাঘব করবে। পাশাপাশি এই উদ্যোগের ফলে দেশে রবীন্দ্রনাট্যচর্চার প্রসার ঘটবে। আশা করছি, শিগগিরই আমরা ১৪টি নতুন নাটক মঞ্চে পাব।’তিনি জানান, আগামী ১৫ জুনের মধ্যে সব কটি নাট্যদলকে অনুদান পাওয়া নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনী করতে হবে।