১৪৩০ আসন দর্শকে ঠাসা
>

প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনের সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ থাকছে খুলনা ও যশোরের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ যশোর শহরের ‘মনিহার’। ১ হাজার ৪৩০ আসনের এই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলছে, ঈদের দিন সেখানে মুক্তি পাওয়া আশিকী ছবিটি বেশ সাড়া ফেলেছে। এই প্রেক্ষাগৃহে রাত নয়টার শো ছাড়া প্রায় প্রতিটি শো-ই দর্শকে ঠাসা থাকছে। আর এ নিয়ে খুশি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
ঈদের তৃতীয় দিন রোববার রাতে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা গেল হলের সামনে দর্শকের ভিড়। টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে তরুণেরা টিকিট সংগ্রহ করছেন। কিছুক্ষণ পর রাত নয়টার শো শেষ হয়। দল বেঁধে দর্শক হল থেকে বেরোচ্ছেন। দর্শকদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। অভিজাত পরিবারের লোকজনও এসেছেন ছবি দেখতে। দর্শকদের অনেকে আবার হলের সামনের দৃষ্টিনন্দন ঝরনা দেখতে ভিড় করেন। সেখানে সেলফিও তুলে ফেললেন কেউ কেউ।
দর্শক এম এ রাজা তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘অনেক দিন পরে একটা ভালো ছবি দেখলাম। ছবিটির প্রথম অংশ দেখে ততটা ভালো লাগেনি। তবে শেষ অংশটা ছিল বেশ উপভোগ্য। এই অংশের কাহিনি ও চিত্রায়ণ দেখে টিকিটের ৭০ টাকা উশুল। এ ধরনের ছবি এলে আমরা বন্ধুরা দল বেঁধে দেখতে আসি।’
মনিহার প্রেক্ষাগৃহের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রথম দুই দিন প্রায় প্রতি শো দর্শকে পরিপূর্ণ ছিল। তৃতীয় দিন থেকে দর্শক কিছুটা কমতে শুরু করেছে।’ তবে দর্শক যা হচ্ছে, তার সংখ্যা খারাপ নয় বলেও তিনি জানান।
মনিহার সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালের ৯ ডিসেম্বর এই প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হয়। আজও একইভাবে চলছে। তবে সারা দেশের চলচ্চিত্রশিল্পের ধস মনিহারও এড়াতে পারেনি। আগের মতো এখন আর চলচ্চিত্রের ব্যবসা নেই। তবে ঈদ বা পূজা উপলক্ষে দু-একটি ভালো মানের যে চলচ্চিত্র মুক্তি পায়, তাতে সারা বছরের খরচের অনেকটা পুষিয়ে যায়। মনিহার কমপ্লেক্সে আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার ও ২৫টি দোকানঘর রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বাড়তি রোজগার হওয়ায় মনিহার প্রেক্ষাগৃহ কখনো লোকসানে পড়েনি।