১৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পর ঢাকার মঞ্চে গান করলেন রবীন্দ্রসংগীতশিল্পী সিরাজুস সালেকিন। গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। আয়োজন করেছে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। অনুষ্ঠানে অস্ট্রেলিয়াপ্রবাসী এই শিল্পীকে সংবর্ধনা জানানো হয়। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির সদস্যরা। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক তপন মাহমুদ। ‘হূদয় আমার প্রকাশ হল’ গানটি দিয়ে শুরু করলেন সালেকিন। এর আগে আয়োজকদের ধন্যবাদ জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বললেন, ‘ভালো লাগে, তাই গান করি।’ এরপর শোনালেন ‘শুধু তোমার বাণী নয় গো’, ‘বধূ কোন আলো’, ‘ন্যায় অন্যায় জানি নে’, ‘মনে রবে কিনা রবে’, ‘তুমি কি কেবলই ছবি’সহ আটটি গান। মায়ের মৃত্যুর খবর পেয়ে গত মাসে ঢাকায় এসেছেন তিনি। থাকবেন আরও কিছুদিন। মাঝে বাবা সংগীত ব্যক্তিত্ব আবদুল লতিফের মৃত্যুর পরও ঢাকায় এসেছিলেন। এ ছাড়া আরও কয়েকবার এসেছেন। কিন্তু গান গাওয়া হয়নি।জানালেন, অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতীতি নামে তাঁর একটি গানের সংগঠন রয়েছে। এর সদস্যদের সবাই বাংলাদেশি। সিডনির অ্যাশফিল্ড পার্কে ছায়ানটের মতো করে তাঁরা বাংলা নববর্ষ উদ্যাপনসহ রবীন্দ্র ও নজরুলজয়ন্তী, স্বাধীনতা দিবস, পঞ্চকবির গানসহ নানা ধরনের গানের আয়োজন করেন।