১৫ বছর পর ডিফরেন্ট টাচের অ্যালবাম
ডিফরেন্ট টাচ সর্বশেষ অ্যালবাম বের করেছিল ১৯৯৭ সালে। অ্যালবামটি ছিল প্রশ্ন। এরপর পেরিয়ে গেছে ১৫ বছর। আবার নতুন অ্যালবাম করছে ডিফরেন্ট টাচ। নতুনটি হবে ডিফরেন্ট টাচের চতুর্থ অ্যালবাম। ডিফরেন্ট টাচের সদস্য মেজবা রহমান বললেন, ‘আমাদের এবারের অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। এখানে গান থাকছে ১০টি। এরই মধ্যে ছয়টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। চারটির কাজ চলছে। আমাদের অন্য তিনটি অ্যালবামের মতো এবারও মেলোডির ওপরই বেশি জোর দিচ্ছি। ইচ্ছা আছে, অ্যালবামটি ঈদে শ্রোতাদের হাতে তুলে দেব।’১৫ বছর পর অ্যালবাম তৈরি প্রসঙ্গে মেজবা বললেন, ‘বাবার ব্যবসা দেখাশোনার জন্য খুলনা চলে গিয়েছিলাম। মাঝখানের সময়টা ওখানেই ছিলাম। এ কারণে ব্যান্ড নিয়ে নিয়মিত কাজ করা হয়নি। এখন নতুন করে কাজ শুরু করেছি। অ্যালবামের কাজের পাশাপাশি টিভি ও মঞ্চে প্রচুর গান করছি।’ডিফরেন্ট টাচের পুরোনো সদস্যদের মধ্যে মেজবা (কণ্ঠ) আর পিয়াল (বেজ ও কণ্ঠ) এখনো আছেন। নতুন যোগ দিয়েছেন পলাশ (গিটার), পলাশ (ড্রামস) ও নয়ন (কি-বোর্ড)।