১৬ অক্টোবর সাইফ-কারিনার বিয়ে!
অনেক দিন ধরেই সাইফ আলী খান এবং কারিনা কাপুরের বিয়ের দিনক্ষণ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সম্প্রতি খবর রটেছে, এ বছরের ১৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের বহুল আলোচিত এই তারকা যুগল। এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু না জানালেও, বিয়ের জন্য কাজ থেকে কোনো রকম বিরতি নেবেন না বলেই নিশ্চিত করেছেন কারিনা। ‘বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি। ২০০৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত অন্তত ১০০ বার এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমাদের বিয়ে নিয়ে সাইফ এবং আমার চেয়ে আর সবার আগ্রহই বেশি। এ যেন অনেকটা সেই প্রবাদ বাক্যের মতো—যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই। আমাদের বিয়ের দিনক্ষণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না। তবে এটুকু বলব, বিয়ের জন্য কাজ থেকে কোনো রকম বিরতি নেব না আমি।’ কারিনার উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে টিওআই। কারিনা আরও বলেছেন, ‘এ বছরের ২৫ জুলাই “হিরোইন” ছবির কাজ শেষ হবে। এর পরপরই সঞ্জয় লীলা বনশালীর “রামলীলা” ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় শুরু করব। আরেকটি বড় প্রোজেক্টেও কাজের কথাবার্তা চলছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ নতুন সেই প্রোজেক্টের কাজ শুরু করব। বিয়ে আমার কাজের ওপর কোনো প্রভাব ফেলবে না। জোহরা সেহগালের মতো শতবর্ষে পা দিয়েও আমি অভিনয় চালিয়ে যাব।’