১৬ আগস্ট ঢাকা আসছেন ইন্দ্রনীল
র্যাম্প মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহির আমন্ত্রণে ঢাকায় আসছেন কলকাতার ছবির এ সময়ের আলোচিত অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। প্রথম আলো ডটকমকে এটি নিশ্চিত করে রুহি জানিয়েছেন, আগামী ১৬ আগস্ট ঢাকার উত্তরা ক্লাবে তাঁর ইভেন্টস প্রতিষ্ঠান ‘রুহু ২৫’ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন ইন্দ্রনীল। আরও থাকবেন রুহির নির্মিতব্য প্রথম চলচ্চিত্র ‘গ্ল্যামার’-এর পরিচালক মহুয়া চক্রবর্তী।রুহি বলেন, ‘প্রথম ছবি হিসেবে ‘গ্ল্যামার’ নিয়ে আমার অনেক স্বপ্ন। ছবিটির ব্যাপারে বাংলাদেশের সবাইকে জানাতে পরিচালক মহুয়া চক্রবর্তী ও নায়ক ইন্দ্রনীলকে বলেছি। এরই পরিপ্রেক্ষিতে ছবিটির বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে ঢাকায় আসছেন ইন্দ্রনীল। তিনি ‘গ্ল্যামার’ ছবি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও অংশ নেবেন।এ ছাড়া ইন্দ্রনীল ‘রুহি অ্যান্ড স্টাইল’ শিরোনামের কয়েক ঘণ্টাব্যাপী একটি অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করবেন। এতে তাঁর সহ-উপস্থাপিকা থাকবেন রুহি।আগামী সেপ্টেম্বর মাসে কলকাতায় শুটিং শুরু হবে ‘গ্ল্যামার’ ছবির। ছবির গল্প প্রসঙ্গে রুহি বলেন, ‘গ্ল্যামার জগতের নানা ঘটনা নিয়ে এ ছবির গল্প। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আমি দেশের একজন সুপারমডেল হিসেবে অভিনয় করব। আমার চরিত্রের নাম জোয়ানা মিশেল। আনন্দের মাত্রাটা তাই অনেক বেশি। এর জন্য অনেক প্রস্তুতির ব্যাপার আছে। পরিচালক নিয়মিতই আমাকে নানাভাবে উপদেশ দিচ্ছেন। আমিও সেভাবে নিজেকে প্রস্তুত করছি।’ইন্দ্রনীল প্রথম ঢাকায় আসেন রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয়ের জন্য। ওই ছবিতে তিনি অভিনয় করেন জয়া আহসানের বিপরীতে।