১৬ ডিসেম্বরে ১৬ শিল্পীকে নিয়ে জাতীয় সংগীত

১৬ ডিসেম্বরে ১৬ শিল্পী মিলে কণ্ঠ দিয়েছেন জাতীয় সংগীতে। কয়েক প্রজন্মের শিল্পীকে দিয়ে গাওয়ানো এই গানটি এরই মধ্যে মুক্তি পেয়েছে ইউটিউবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ‘আমার সোনার বাংলা’র প্রথম ১২ লাইন আমাদের জাতীয় সংগীত হিসেবে ব্যবহৃত হয়। এরপর গানটির আরও ১৫ লাইন রয়েছে, যা নতুন করে এই গানের সঙ্গে যুক্ত করা হয়েছে।
জাতীয় সংগীতের অংশটুকুর পাশাপাশি বাকি অংশটুকু নিয়ে কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরীর পরিকল্পনা এবং তাঁর ও রোকন ইমনের সংগীতায়োজনে গাইলেন ১৬ জন শিল্পী। এই গান তৈরির অন্যতম উদ্যোক্তা নির্ঝর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৬ ডিসেম্বর বাঙালির জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। তাই আমি মনে করি এই ১৬ সংখ্যাটাও আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে। সে কারণে ১৬ জন শিল্পীকে নিয়ে গানটি তৈরির পরিকল্পনা করা। চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা শ্রোতারা শোনার পর বলতে পারবেন।’
‘আমার সোনার বাংলা’য় কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, শারমিন সাথী, পিন্টু ঘোষ, জুলি, তপু, জয় শাহরিয়ার, নিশিতা, ঝিলিক, এহসান রাহী, মালা, শৌরিন, নওশীন নজরুল, ইমন ও নির্ঝর চৌধুরী। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে এভারেস্ট-জয়ী এম এ মুহিতকে।